মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দিতে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি, ছুরি ও ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে মোল্লাকান্দি ইউনিয়নের ছোট মাকহাটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শুভ গাজী (৩৭), মো. রাসেল শিকদার (৪৩) ও আল-আমিন মাঝি (৩২)। তাদের বাড়ি ছোট মাকহাটি ও মধ্য মাকহাটি গ্রামে। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, দেশে তৈরি ১টি পাইপগান, ১ রাউন্ড গুলি, কয়েকটি ধারালো ছুরি ও ৩৫০ পিস ইয়াবা ট্যাবেলট পাওয়া গেছে।
বিকেল সাড়ে ৪টার দিকে নিজ কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। তিনি জানান, দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছোট মাকহাটি গ্রামের শুভ গাজীর বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। এ সময় ওই বাড়ির একটি কক্ষে তল্লাশিকালে শুভ গাজীর কাছ থেকে ৩০০ পিস ও রাসেল শিকদারের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে শুভ গাজীর ভাই সোহাগ গাজীর কক্ষে তল্লাশিকালে আল-আমিনের কোমর থেকে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
