মেহেরপুর ঝিনাইদহে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১২:৩০ এএম

মেহেরপুরের গাংনী ও ঝিনাইদহ সদর উপজেলায় গতকাল মঙ্গলবার পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো মাইলমারী গ্রামের কৃষক আব্বাস আলীর সাড়ে তিন বছর বয়সী ছেলে আদিব হোসেন এবং আকাশ আলীর তিন বছর বয়সী ছেলে ইউসুব আলী।

গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, শিশু দুটি বাড়ির পাশের পুকুরের ধারে খেলছিল। খেলতে খেলতে কখন যে তারা অসাবধানতাবশত পানিতে পড়ে যায়, তা কেউ টের পায়নি।

পরিবারের সদস্যরা শিশু দুটিকে খুঁজতে গিয়ে একপর্যায়ে পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি উত্তম কুমার জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনগত প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হবে।

এদিকে ঝিনাইদহ সদরে তাহসিন আহমেদ (১১) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্র পানিতে ডুবে মারা গেছে। নিহত তাহসিন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী মো. সোহেল মিয়ার পুত্র।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তাহসিন বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘ সময় পরেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন স্থানীয় মসজিদের মাইকে তার সন্ধান খোঁজ প্রচার চালায়। একপর্যায়ে স্থানীয় কয়েক যুবক দুপুরে তাহসিনকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি সামছুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত