যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের আলোচনা বা যুদ্ধবিরতির প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে বার্তাসংস্থা রয়টার্স গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ কথা জানায়।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের দুই মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে যুদ্ধবিরতি বা উত্তেজনা কমানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মোজতবা খামেনি তা সরাসরি নাকচ করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যতক্ষণ না পরাজয় স্বীকার করছে, নতজানু হচ্ছে ও ক্ষতিপূরণ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আলোচনা নয়। খামেনি মনে করেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করতে হবে।
ইরানের ওই কর্মকর্তা বলেন, পররাষ্ট্রনীতি বিষয়ে প্রথম বৈঠকে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে খুবই কঠোর ও দৃঢ় অবস্থানে ছিলেন।
দুই মধ্যস্থতাকারী দেশের প্রতিনিধিদের সঙ্গে ইরানের কর্মকর্তাদের বৈঠকটি কোথায় হয়েছে এবং তাতে খামেনি উপস্থিত ছিলেন কি না, তা স্পষ্ট করেননি ওই কর্মকর্তা। যুক্তরাষ্ট্র-ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর করার পর দেশটির পাল্টা হামলার মুখে দ্বিতীয় সপ্তাহেই যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনার জন্য মিত্র দেশগুলোর মাধ্যমে প্রস্তাব আসে। ইরান সেটিও গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।
হামলার শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। বাবা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা করা হয়।
হাঁটতে গিয়ে বেঁচে যান মোজতবা : পরিবারের অনেকে হামলায় নিহত হলেও প্রাণে বেঁচে যান আলি খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে অবিশ্বাস্যভাবে তার বেঁচে যাওয়ার বিষয়টি উঠে এসেছে।
দ্য টেলিগ্রাফ একটি অডিও ফাইল সংগ্রহ করেছে, যেখানে এই ঘটনার বর্ণনা আছে। গত ১২ মার্চ তেহরানে ধর্মীয় নেতা ও ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) কমান্ডারদের সঙ্গে প্রয়াত আলি খামেনির কার্যালয়ের প্রটোকল প্রধান মাজাহের হোসেইনির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই হামলার সময় খামেনির কার্যালয় ও বাসভবন-কম্পাউন্ডে ঠিক কী ঘটেছিল, তার বিস্তারিত বর্ণনা দেন প্রটোকল প্রধান।
প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র আঘাত হানার কয়েক মিনিট আগে ঘর থেকে বের হয়ে বাগানে হাঁটতে গিয়েছিলেন মোজতবা খামেনি। কিছুক্ষণ পরই ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কমপাউন্ডে আঘাত হানে। মাজাহের হোসেইনি নিশ্চিত করেন, সরাসরি হামলার শিকার না হলেও পায়ে আঘাত পান মোজতবা খামেনি। হোসেইনি আরও জানান, আলি খামেনির সামরিক ব্যুরোর প্রধান মোহাম্মদ সিরাজি এই হামলায় ‘ছিন্নভিন্ন হয়ে যান’। পরবর্তী সময়ে তার মরদেহ শনাক্ত করার জন্য শুধু কয়েক কেজি মাংস অবশিষ্ট ছিল।
মস্কোয় মোজতবার চিকিৎসা দাবি নাকচ : কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদার এক প্রতিবেদনে দাবি করা হয়, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন। গত ১২ মার্চ মোজতবা খামেনির সঙ্গে টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কথা হয়। তারপর ওই দিনই রাশিয়ার একটি সামরিক বিমানে চেপে মস্কো যান মোজতবা।
তবে মোজতবা খামেনি রাশিয়ায় চিকিৎসা নিচ্ছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস রাষ্ট্রদূতের এ বক্তব্যটি নিশ্চিত করেছে।
লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের : ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গতকাল মঙ্গলবার দাবি করেছেন, দেশটির বিমান আক্রমণে ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি নিহত হয়েছেন। তার দাবি অনুযায়ী, সোমবার রাতে একই আক্রমণে ইরানের আরেক শীর্ষ সামরিক কমান্ডার গোলামরেজা সোলাইমানিও নিহত হয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, লারিজানির মৃত্যুর ঘটনা সত্য হয়ে থাকলে তা ইরানের নেতৃত্বকে কিছুটা দুর্বল করবে।
অবশ্য ইরান সরকারিভাবে ইসরায়েলের এ দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
তবে ইসরায়েলের ঘোষণার পরপরই লারিজানির এক্স হ্যান্ডেলে পারশিয়ান ভাষায় হাতে লেখা একটি নোট পোস্ট করা হয়। তাতে গত মার্চ যুক্তরাষ্ট্রের সাবমেরিনের হামলায় নিহত ইরানের নাবিকদের স¥রণ করা হয়।
মোজতবা খামেনির অবস্থান ও শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য না থাকায়, ৬৭ বছর বয়সী লারিজানি ছিলেন কার্যত ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি যিনি দেশটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন।
হরমুজে নৌ-মিশনে ইইউর অনাগ্রহ : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস বলেছেন, হরমুজ প্রণালীতে ইইউর নৌ-মিশন পরিচালনের কোনো আগ্রহ নেই। ২৭-জাতি জোটটির পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর গতকাল ব্রাসেলসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কায়া কাল্লাস বলেন, এই জোট যুদ্ধের অংশ নয়। বরং গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্য পথ কী করে পুনরুদ্ধার করা যায়, সে বিষয়ে তাদের আগ্রহ আছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফেরার পর থেকে গত এক বছর যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, ইইউ তা আমলে নিতে শুরু করেছে।
ইসরায়েল-মধ্যপ্রাচ্যে ইরানের হামলা : ইসরায়েলি পুলিশের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলে ওই হামলা চালানো হয়।
ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। বাগদাদের উচ্চ সুরক্ষিত গ্রিন জোন এলাকায় অবস্থিত দূতাবাস প্রাঙ্গণে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়। দূতাবাসের প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও একটি ড্রোন সরাসরি প্রাঙ্গণের ভেতরে আঘাত হানে। এতে সেখানে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
আবুধাবিতে গতকাল ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে। আবুধাবি কর্তৃপক্ষ ঘটনাটি নিশ্চিত করেছে।
এছাড়াও সংযুক্ত আমিরাতের প্রধান সমুদ্রবন্দর ফুজাইরাহর কাছে একটি তেলবাহী জাহাজেও হামলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ১৩ সেনা নিহত, আহত দুই শতাধিক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সোমবার স্বীকার করেছে, উপসাগরীয় অঞ্চলে সংঘাতের দেশটির ১৩ সেনা নিহত এবং আরও ২ শতাধিক সেনা আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। সেন্টকম জানায়, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, ইরাক এবং ইসরায়েলে অবস্থানরত সেনারা ইরানি হামলায় আহত হয়েছেন।