সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটোকার্ড বানিয়ে, অভিনন্দন বার্তা জুড়ে দিয়ে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে নাঈম ইসলামের নির্বাচক হওয়ার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু জানায়নি, নাঈম নিজেও জানেন না তার নতুন নিয়োগের খবর! দেশ রূপান্তরের প্রতিবেদকের কাছে বিস্ময় প্রকাশ করেই নাঈম বলেছেন, তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন তার নির্বাচক হিসেবে নিয়োগপ্রাপ্তির সংবাদ।
৩১ মার্চ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ। তবে হাতেকলমে তার দায়িত্ব শেষ হয়ে গেছে পাকিস্তান সিরিজের পরেই, ড্রেসিং রুমে তাকে বিদায়ী সংবর্ধনাও দিয়েছেন ক্রিকেটাররা। বিসিবি পরিচালক পদে নির্বাচন করার জন্য নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আব্দুর রাজ্জাকও। নির্বাচক হিসেবে এখন নিয়োগপ্রাপ্ত শুধুই হাসিবুল হোসেন। দুটো শূ০ন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়ে সাক্ষাৎকারও গ্রহণ করেছে বিসিবি। নাঈম জানালেন তার সাক্ষাৎকার শেষে ইতিবাচক সংকেত পেয়েছেন, ‘আমার সাক্ষাৎকার পর্বে পাইলট ভাই (খালেদ মাসুদ), ফাহিম স্যার, (নাজমুল আবেদীন), ফারুক ভাই (আহমেদ) ও সুজন ভাই (নিজামউদ্দিন চৌধুরী) ছিলেন। সমসাময়িক ক্রিকেট নিয়ে কথা হয়েছে। আমি আমার পর্যবেক্ষণ বলেছি, দায়িত্ব পেলে কী ভূমিকা রাখতে পারব সেটাও বলেছি। তারা (সাক্ষাৎকার বোর্ড) খুব ইতিবাচক ছিলেন’। নিয়োগের ব্যাপারে বিসিবি থেকে কিছু জানিয়েছে কিনা জানতে চাইলে বলেন, ‘এখনো বিসিবি থেকে কিছু জানায়নি। আমিও ফেসবুকে দেখলাম, কয়েকজন আমাকে ফোন দিয়ে জানাল, আমি আসলে এ ব্যপারে এখনো কিছু জানি না।’