পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী

বগুড়ায় তারেক রহমানের গড়া পার্কে স্বপ্নযাত্রার নতুন সূচনা

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৩:০৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ হাতেগড়া বগুড়ার সদর উপজেলার ঐতিহাসিক শাকপালা পার্কের উন্নয়নের নতুন স্বপ্নযাত্রা শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টায় পার্কটি পরিদর্শন করে এ উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক গতি দেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি পার্কটির সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের বলেন, এই পার্কটি আধুনিকায়ন করা হবে। বগুড়া পৌরসভা কাজ করেছে, এখন কাজ করবে সড়ক ও জনপথ বিভাগ। প্রধানমন্ত্রী তারেক রহমান এই পার্কটি তৈরি করেছিলেন। তা এতদিন অবহেলিত ছিল। নতুন স্বপ্নযাত্রা শুরু হয়েছে পার্কটির।

এলাকাবাসী মনে করছে, যথাযথ পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে শাকপালা পার্ক আবারও তার হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং এটি হয়ে উঠবে একটি আধুনিক ও আকর্ষণীয় বিনোদনকেন্দ্র।

এদিকে দুপুরে বগুড়ার ঐতিহাসিক মহাস্থান এলাকায় জাতীয় আঞ্চলিক কেন্দ্র স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়  প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত