গরমের রোগব্যাধি

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০২:৫৮ এএম

গরমের তীব্রতার সঙ্গে সঙ্গে বাড়ে বিভিন্ন রোগ এবং স্বাস্থ্য সমস্যা। পাশাপাশি সুস্থ থাকতে কিছু বিষয় লক্ষ্য রাখা গুরুত্বপূর্ণ। এগুলো অবহেলা করলে বড় সমস্যা তৈরি হতে পারে।

 গরম আবহাওয়ায় অতিরিক্ত ঘাম ও পানিশূন্যতা দেখা দেয়। গরমের মৌসুমে ঘাম এবং বাতাসে আর্দ্রতা কম থাকার কারণে শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ে। ফলে মাথা ঘোরা, ক্লান্তি বোধ হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই পানি পিপাসা না পেলেও সারা দিন প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। তরমুজ, শসা এবং নারিকেলের মতো হাইড্রেটিং খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুলবেন না। এ সময় কফি এবং অ্যালকোহল গ্রহণ একেবারেই এড়িয়ে চলুন।

 রোদে থাকার কারণে হিটস্ট্রোক হয়ে থাকে। এতে শরীরে তাপমাত্রা বেড়ে যায়। সে সঙ্গে পানিশূন্যও হতে পারে শরীর। বয়স্ক ব্যক্তি, শিশু, হৃদরোগী এবং ফুসফুসের সমস্যায় আক্রান্ত ব্যক্তি ও খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা হিটস্ট্রোকের ঝুঁকিতে বেশি থাকেন।  দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘরে থাকার চেষ্টা করুন। ঢিলেঢালা এবং হালকা রঙের পোশাক পরুন। বাড়ির বাইরে বের হলে টুপি বা ছাতা অবশ্যই ব্যবহার করুন।

 অতিরিক্ত গরমে অনেকের হজমের সমস্যা হয়। গরমে খাবার অনেক সময় নষ্ট হয়ে যায়। যা খেলে খাদ্যে বিষক্রিয়া হতে পারে। তাই বাসি খাবার, রাস্তাঘাটের খোলা খাবার, রাস্তার লেবুর শরবত বা আখের রসে সবকিছু এড়িয়ে চলুন। গরমে পচনশীল খাবার সঠিকভাবে ফ্রিজে রাখুন। খাওয়ার আগে ফল, সবজি ধুয়ে খান। রাস্তার খাবার বা দীর্ঘক্ষণ ফেলে রাখা খাবার এড়িয়ে চলুন।

 অতিরিক্ত ঘামের ফলে ত্বকে ফুসকুড়ির মতো সমস্যা দেখা দেয়। অনেকের ঘামাচি হলে সেখানে চুলকায়, এতে সংক্রমণের সৃষ্টি হয়। এ সমস্যা এড়াতে সুতির কাপড় ও বাইরে বের হওয়ার আগে এসপিএফ ৫০ সানস্ক্রিন লাগান। দিনে দুবার গোসল করুন।

 গরমের দিনে ধুলা এবং আর্দ্রতা শ্বাসযন্ত্রের অ্যালার্জি, চোখের সংক্রমণ এবং ছত্রাকজনিত ত্বকের সংক্রমণের কারণ হতে পারে। চারপাশের পরিবেশ পরিষ্কার রাখুন। চোখের সুরক্ষার জন্য সানগ্লাস ব্যবহার করুন। হাত না ধুয়ে মুখ স্পর্শ করা এড়িয়ে চলুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত