স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু। গতকাল শনিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়েও কথা বলেন। তিনি জানান, বর্তমান পোশাকে পুলিশ সদস্যদের অসন্তুষ্টি থাকায় তা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ বাহিনীকে আগের ঐতিহ্যমণ্ডিত যেকোনো একটি পোশাক ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে।
কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণের পর নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশ পুলিশের একটি প্রত্যাশা ও আবেদন রয়েছে। বিভিন্ন পর্যায়ে আলোচনা করে আমি যা অনুধাবন করেছি, তা হলো বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। সুতরাং আমাদের ঐতিহ্যবাহী যেকোনো একটি পোশাক যাতে বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে, ইনশাআল্লাহ।’
এ সময় অতিথি আসনে উপস্থিত সাধারণ পুলিশ সদস্যরা করতালি দিয়ে তার বক্তব্যে সমর্থন জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা ঘোষণা করেছিÑজননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য।’
তিনি বলেন, ‘আমরা চাই এমন এক পুলিশ বাহিনী, যারা ক্ষমতার অপব্যবহার করবে না; বরং অপরাধীর মনে ভয় এবং নিরপরাধীর মনে প্রশান্তি জোগাবে।’
প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আহমেদ সাদমান সাকিব।
২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৭২ জন প্রশিক্ষণার্থী এই কুচকাওয়াজের মাধ্যমে বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন।
