জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের মতো বর্তমান সরকারও সংবিধানকে নিজের মতো করে ব্যাখ্যা করছে। এ প্রবণতা চললে জনগণ আবারও রাজপথে নেমে তাদের রায় দেবে। গতকাল শনিবার বিকেলে শহরের চাষাড়ায় ডাকবাংলোতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, নারায়ণগঞ্জ ইতিমধ্যেই দলটির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে। এটা বর্তমান বাস্তবতা। সংগঠন শক্তিশালী করার পেছনে স্থানীয় নেতাকর্মীদের অবদানের কথা তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এটার জন্য অবশ্যই কৃতিত্ব আপনাদের, যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন এবং পরে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনে কাজ করেছেন।’ তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান এমপি আব্দুল্লাহ আল আমিনকে, যিনি প্রধান সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সভায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জেলার এনসিপির আহ্বায়ক জোবায়ের আহমেদ, মহানগর আহ্বায়ক শওকত আলীসহ অনেকে বক্তব্য রাখেন।