সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে র্যাব-৭ কর্মকর্তা আবদুল মোতালেব হত্যা মামলায় ২০ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ ও জেলা পুলিশ। কয়েক দিন ধরে জঙ্গল সলিমপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে র্যাব-৭ ১৩ জন এবং জেলা পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে। সর্বশেষ গত শুক্রবার নোয়াখালীর কবিরহাট থেকে পারভেজ (৩৫), চট্টগ্রাম নগরের পাহাড়তলী থেকে বেলাল (৩০) এবং বায়েজিদ বোস্তামী এলাকার শেরশাহ থেকে সাইদুল ইসলাম (২৬) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২৩ মার্চ সীতাকু-ের ফৌজদারহাট এলাকা থেকে মিজানুর রহমান সোহান (১৯), গত ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টালী থেকে সেলিম (৩৫) এবং ১০ ফেব্রুয়ারি নগরের চান্দগাঁও এলাকা থেকে সেকান্দর মিয়া (৪৩) গ্রেপ্তার হন। এর আগে জানুয়ারিতে চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইউনুছ আলী হাওলাদার (৬২), খন্দকার জাহিদ হোসেন (৩৯), আলীরাজ হাসান (২৮), মিজান (৫৩), মামুন (৩৮), শাহজাহান (৫৩) ও শফিকুল ইসলামসহ (৫১) কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।
