গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী হাটে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
আজ রবিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর।
তিনি মুঠোফোনে জানান, ভরতখালী হাটে মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে অতিরিক্ত মুল্যে তেল বিক্রি করছে। এমন অভিযোগে সেখানে অভিযান করা হয়। পরে প্রতিন্ঠানের মালিক আবুল কালাম আহাদকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত পেট্রোল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির জন্য সংশ্লিষ্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। বিক্রিত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
