মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব পদে নতুন দুই কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আর বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলির আদেশাধীন কানিজ মওলাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি সংসদ সচিবালয়ের সচিবের দায়িত্ব পালন করছিলেন। গত ২৫ মার্চ তাকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলির আদেশ জারি করা হলেও গতকাল সেই আদেশ স্থগিত করে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ ছাড়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে গত ২৫ মার্চ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়। কিন্তু নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) পদে বসানো হয় তাকে।
১১ জেলায় নতুন ডিসি : দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি বর্তমানে দায়িত্বরত ১১ জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসকরা হলেন, রাজশাহীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লুৎফুন নাহার, খুলনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের হুরে জান্নাত, মাদারীপুরে অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক আবু সাঈদ, চাঁদপুরে জ্বালানি ও খানিজসম্পদ বিভাগের আহেমদ জিয়াউর রহমান, হবিগঞ্জে মন্ত্রিপরিষদ বিভাগের জি এম সরফরাজ, নরসিংদীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইসরাত জাহান কেয়া, মেহেরপুরে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের শিল্পী রানী রায়, লালমনিরহাটে বিদ্যুৎ উন্নয়ন বিভাগের রাশেদুল হক প্রধান, বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সানিউল ফেরদৌস।
