ঢাকার দুই সিটির নির্বাচন

দক্ষিণে আসিফ, উত্তরে এনসিপির প্রার্থী আদীব!

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৭:৪০ এএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এনসিপির সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করেছে। গতকাল রবিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম দক্ষিণে আসিফ, উত্তরে এনসিপির প্রার্থী আদীবের নাম ঘোষণা দেবেন বলে জানা গেছে।

সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রাথমিক প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী করার কথা ভাবছে দলটি। তবে ঢাকা দক্ষিণে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নামটিও আলোচনায় রয়েছে। আসিফ মাহমুদ সম্প্রতি অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পদত্যাগের পর তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার কথা জানালেও শেষ পর্যন্ত সরে গিয়ে এনসিপিতে যোগ দেন। পরে তাকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলীয় মুখপাত্র করা হয়। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটের ব্যবধানে হেরে যান।

ঢাকা উত্তরে আলোচিত নাম আরিফুল ইসলাম বর্তমানে এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা-১৮ আসনে দলীয় প্রার্থী হিসেবে ভালো লড়াই করেছেন।

এনসিপির কেন্দ্রীয় এক নেতা জানান, দলের সভাগুলোয় সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে ঢাকা উত্তরে আরিফুল ইসলাম ও দক্ষিণে আসিফ মাহমুদের পক্ষে মতামত পাওয়া যাচ্ছে।

গত ২৩ ফেব্রুয়ারি দলীয়ভাবে ছয় সদস্যের একটি কমিটি গঠন করে এনসিপি। এই কমিটির চেয়ারম্যান হয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সদস্য সচিব করা হয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে। জাতীয় নির্বাচন থেকে শিক্ষা নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ভালো প্রস্তুতি নিতে চায় এনসিপি।

কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনে এনসিপির প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রার্থী ঘোষণা, এমনকি নির্বাচনী জোটের ঘোষণা একদম শেষ সময়ে হয়েছে। সে কারণে প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় ও সুযোগ পাওয়া যায়নি। সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে এখন থেকেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে এনসিপি। আমরা আশা করছি এককভাবে স্থানীয় পর্যায়ে প্রতিটি জায়গায় প্রার্থিতা ঘোষণা করব। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে, আমরা এককভাবে এ লড়াই করব। শেষ সময়ে যদি সবাইকে নিয়ে বসার প্রয়োজন হয়, তবে বৃহত্তর স্বার্থ সামনে রেখে সিদ্ধান্ত নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত