আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৮ পিএম

খনিজ, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আপাদমস্তক নাস্তিক বলায় কুষ্টিয়া ৩ আসনের এমপি ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার বাদীর আরজি ও উপস্থাপিত তথ্য-উপাত্ত আমলে নিয়ে আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রেখেছেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত। গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা তাকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, যা তার ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে অভিযোগে বলা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যে সিরাজগঞ্জসহ সারা দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা এই মামলায় আসামির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

এদিকে, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরাও এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, একজন সজ্জন রাজনীতিক ও সাবেক প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত