বগুড়ায় জ্বালানি তেলের পাম্পগুলোতে মোটরসাইকেলে তেল নিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বগুড়া জেলা প্রশাসন। তাই কোন গ্রাহককে তেল নিতে হলে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সোমবার (৩০ মার্চ) বিকেলে রাজশাহী বিভাগীয় পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান রতন জানান, সংকটের শুরুতে মজুত শেষ হয়ে যাওয়ায় জেলার অর্ধেকের বেশি পাম্প সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে তেল সরবরাহ পুনরায় শুরু হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুতই জেলার সব ফিলিং স্টেশনে জ্বালানি পৌঁছে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে।
এই দিন বগুড়া শহরের দত্তবাড়ি, মাটিডালী, স্টেশন সড়ক, বনানী, ফুলতলাসহ বিভিন্ন এলাকা ঘুরে তেলের পাম্পগুলোতে মোটরসাইকেলে তেল নিতে অনেক ভিড় করতে দেখা গেছে। এসব পেট্রোল পাম্পে সর্বোচ্চ ২০০ টাকা করে তেল দেওয়া হচ্ছে।
এনিয়ে রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান কিছু বিধিনিষেধ আরোপ করেন।
তিনি জানান, সংকট মোকাবিলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট বসিয়ে কাগজপত্র যাচাই করা হবে। এছাড়া প্রতিটি পাম্পে এসব নির্দেশনা সংবলিত ব্যানার টাঙিয়ে দেওয়া হবে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কঠোর মনিটরিং চালানো হবে।
বগুড়া জেলায় মোট ৭৮টি তেলের পাম্প রয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
