বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান। এর গতকাল সোমবার সকালে নগরের সিআরবি এলাকায় এসপির বাংলো বাড়িতে এ ঘটনা ঘটে। বেলা ২টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (নিটোর) ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সিরাজুল ইসলাম বলেন, সোমবার সকালে বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হন এসপি। পরে বাসার কর্মচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার বাম পা মারাত্মকভাবে ভেঙে গেছে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। পরে তাকে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে।
