বালিশকান্ডের মতো ঘটনা যাতে না ঘটে

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৭:৫০ এএম

আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়ে সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, ‘বাসাগুলোয় প্রয়োজনীয় জিনিসপত্র নেই। এগুলো কেনাকাটা করে বাসা প্রস্তুত করে বরাদ্দ দেওয়া হবে।’ গতকাল সোমবার জাতীয় সংসদে সংসদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এদিকে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য ভবনের প্রয়োজনীয় আসবাবপত্র কেনাকাটার ক্ষেত্রে বিগত স্বৈরাচারের আমলের মতো বালিশ, পর্দা ও ছাগলকা-ের ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারদলীয় হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু দেশ রূপান্তরকে বলেন, ‘এবারের সংসদে যেসব নতুন সদস্য এসেছেন, তাদের অনেকের ঢাকায় থাকার জায়গা নেই। তারা যাতে ঢাকায় থাকতে পারেন, সেজন্য বাসা বরাদ্দের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আশা করছি, আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসা বরাদ্দ করতে পারব।’

সংসদ কমিটির বৈঠক শেষে চিফ হুইপ বলেন, যেসব সংসদ সদস্যের ঢাকায় থাকার জায়গা নেই, তাদের জন্য আবাসন বরাদ্দ দেওয়া হবে। তিনি আরও বলেন, ‘সংসদ ভবন এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। পানির সমস্যা বেশি। আমরা দু-তিন দিন ঘোলা পানি পেয়েছি। এ কারণে আমার নিজেরও পেট খারাপ হয়েছে। ঘোলা পানির সমাধানের জন্য আমরা সরকারকে বলব। এখানে এক কোটি লিটার পানির দরকার; কিন্তু এখানে ২৭ লাখ লিটার পানি উৎপাদন হয়। এখানে খুবই সংকট।’

সংসদের হাসপাতালের বিষয়ে বৈঠকে কথা হয়েছে জানিয়ে কমিটির সভাপতি বলেন, ‘আমাদের একটা আইসিইউ অ্যাম্বুলেন্স প্রয়োজন, লাশবাহী ফ্রিজিং গাড়ি চাই।’

সংসদের সাউন্ড সিস্টেম এখনো কাজ করছে না জানিয়ে চিফ হুইপ বলেন, ‘আমরা সাউন্ড সিস্টেমকে উন্নত করার চেষ্টা করছি। সেটি না পারলে নতুন সাউন্ড সিস্টেম বসানো হবে। কিন্তু বিদ্যমান সাউন্ড সিস্টেম যাতে কাজ করে, সেই চেষ্টা করা হচ্ছে। সাউন্ড সিস্টেম বিভ্রাট নিয়ে গঠিত তদন্ত কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দেবে।’

এদিকে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিত করতে রকিবুল ইসলামকে এবং সংসদ ভবনের ক্যানটিনের খাবারের মান যাচাই, সংসদ ভবন এলাকায় সরবরাহ লাইনের পানির মান যাচাই ও সংসদ সদস্য ভবনের ব্যবহৃত আসবাবপত্রের গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে নায়াব ইউসুফ আহমেদকে আহ্বায়ক করে দুটি সাব-কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি নুরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এসএম জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্লাহ, মো. সাইফুল আলম এবং মো. আবুল হাসনাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত