গত বছর যখন বৈভব সূর্যবংশী আলোচনায় এসেছিলেন, তখন অনেকেই মনে করেছিলেন তাকে নিয়ে একটু বেশিই মাতামাতি হচ্ছে। ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফও ছিলেন সেই দলে। ‘ওল্ড স্কুল’ ঘরানার ক্রিকেটার হিসেবে কাইফ বিশ্বাস করতেন, তরুণ খেলোয়াড়দের এখনই মূল স্রোতে টেনে আনাটা তাড়াহুড়ো হয়ে যাবে। কিন্তু এক বছর পর বৈভবের ব্যাটিং দেখে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন কাইফ।
চেন্নাইয়ের বিপক্ষে বৈভবের ১৭ বলে ফিফটির পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) কাইফ লেখেন, “গত বছর আমি ভেবেছিলাম বৈভব সূর্যবংশীকে নিয়ে খুব তাড়াহুড়ো করা হচ্ছে। আমি মনে করি তরুণদের দ্রুত সুযোগ দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা ঠিক নয়। কিন্তু এক বছর পর আমার মনে হচ্ছে সে পরের ধাপে যাওয়ার জন্য প্রস্তুত। এই ১৫ বছরের ছেলেটি বিনোদন দিতে পারে এবং ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারে।”
বৈভবের এই উত্থান অবশ্য হুট করে নয়। এ বছরের শুরুতে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়েও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল অভিষেকেও সেই আত্মবিশ্বাসের ছাপ দেখা গেছে। তাঁর ব্যাটে ভর করেই রাজস্থান ৮ উইকেট এবং ৪৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।
ম্যাচ শেষে নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে বৈভব বলেন, “পরিকল্পনা ছিল পাওয়ার প্লে-তে আক্রমণাত্মক খেলা। শুরুতে উইকেট কিছুটা মন্থর মনে হলেও বল পুরোনো হওয়ার পর ব্যাটে ভালো আসছিল। ছোট লক্ষ্য তাড়ায় পাওয়ার প্লে খুব গুরুত্বপূর্ণ। সেখানে আমরা নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলাম এবং সফল হয়েছি।”
মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলের মতো বড় মঞ্চে এমন নির্ভীক ব্যাটিং করে বৈভব সূর্যবংশী বুঝিয়ে দিলেন, ভারতীয় ক্রিকেটে নতুন এক নক্ষত্রের জন্ম হতে যাচ্ছে।
