বগুড়ায় ৬৪ লাখ টাকার নকল রাজস্ব স্ট্যাম্প উদ্ধার, গ্রেপ্তার ৩

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৯:১৫ পিএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি অবৈধ সিগারেট কারখানা থেকে বিপুল পরিমাণ নকল সিগারেট তৈরির সরঞ্জাম এবং প্রায় ৬৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭৩ হাজার নকল রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, নীলফামারী সদর উপজেলার চরচরাবাড়ী দক্ষিণপাড়া গ্রামের সজিব ইসলাম (২০), রাকিব ইসলাম (২২) ও কামরুজ্জামান (২২)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির কর্মচারী অসিত কুমার ঘোষ (৬৩) গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, প্রবাসী আনোয়ার হোসেনের ভাড়া দেওয়া বাড়িতে অসাধু ব্যবসায়ীরা অস্থায়ী কারখানা গড়ে তুলে নকল ‘ডার্বি’ ও ‘স্টার’ ব্র্যান্ডের সিগারেট তৈরি করছে। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়।

অভিযানকালে ৭৩ হাজার নকল রাজস্ব স্ট্যাম্প, ৩২০ প্যাকেট নকল ডার্বি সিগারেট (মোট ৩,২০০ শলাকা), খোলা অবস্থায় ১০ হাজার স্টার সিগারেট, ৪ হাজার খালি প্যাকেট এবং সিগারেট মোড়ানোর কাজে ব্যবহৃত পলিথিন রোল উদ্ধার করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নকল সিগারেট উৎপাদন ও বাজারজাত করে আসছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত