পানি শুধু জীবনের উৎস নয়, এটি সমতা ও ন্যায্যতারও প্রতীক বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সবার জন্য নিরাপদ ও পর্যাপ্ত পানির নিশ্চয়তায় একটি ন্যায়সংগত এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা প্রয়োজন। টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় সঠিক কর্মপরিকল্পনা ও ব্যবস্থা নিতে হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর পান্থপথে পানি ভবনে বিশ্ব পানি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন পানিসম্পদমন্ত্রী। সে সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘পানির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন। বন্যার পানি একদিকে মানুষকে দুর্ভোগে ফেলে দেয়, অন্যদিকে খরায় পানির অভাবে মানুষের জীবন-জীবিকা ব্যাহত হয়। ২০২৪ সালের বন্যায় সিলেট, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছিল।’ পানি নিয়ে সঠিক কর্মপরিকল্পনা ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য মন্ত্রণালয় ও সংস্থাপ্রধানদের অনুরোধ জানান মন্ত্রী।
এ্যানি আরও বলেন, ‘বন্যার হাত থেকে পরিত্রাণ পেতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। বর্তমান সরকার ইতিমধ্যে ৫৪ জেলায় খাল খনন উদ্বোধন করেছে। ১৮০ দিনে ১২০০ কিলোমিটার এবং আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।’ সঠিক উপাত্তের ভিত্তিতে খাল খননের জন্য জমি বাছাই করার আহ্বান জানান মন্ত্রী।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, অনলাইনে বক্তব্য দেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বুয়েটের অধ্যাপক ড. মো. আতাউর রহমান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ।