২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি পর্বে দাপুটে জয় পেয়েছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। ঘরের মাঠে নিজেদের শেষ প্রীতি ম্যাচে লিওনেল মেসির জাদুতে জাম্বিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল ৩-১ ব্যবধানে হারিয়েছে শক্তিশালী ক্রোয়েশিয়াকে। দুই দলের কোচই স্কোয়াড চূড়ান্ত করার আগে এই ম্যাচগুলোতে একাধিক বদলি খেলোয়াড় নামিয়ে নিজেদের শক্তি পরখ করে নিয়েছেন।
ওতামেন্দির বিদায়ী ম্যাচে জাম্বিয়াকে চূর্ণ করল আর্জেন্টিনা : বুয়েনস আইরেসের লা বোমবোনেরো স্টেডিয়ামে জাম্বিয়ার বিপক্ষে শুরু থেকেই চেনা ছন্দে ছিল আর্জেন্টিনা। আগের ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামলেও, এদিন অধিনায়ক লিওনেল মেসি খেলেন পুরো সময়। আলবিসেলেস্তেদের ৫-০ ব্যবধানের বড় জয়ে গোল করেছেন হুলিয়ান আলভারেজ, মেসি, নিকোলাস ওতামেন্দি ও ভ্যালেন্টিন বারকো; বাকি গোলটি ছিল আত্মঘাতী।
খেলার ৪ মিনিটেই মেসির পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আলভারেজ। বিরতির ঠিক আগে ম্যাক অ্যালিস্টারের সঙ্গে চমৎকার ‘ওয়ান-টু’ খেলে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এটি ছিল আন্তর্জাতিক ফুটবলে ৪০টি ভিন্ন দেশের বিপক্ষে মেসির গোল।
ম্যাচের ৫০ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। তবে নিজে শট না নিয়ে মেসি বল তুলে দেন ওতামেন্দির হাতে। দেশের মাটিতে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা ওতামেন্দি গোল করে বিদায়টি স্মরণীয় করে রাখেন।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটিই ছিল আর্জেন্টিনার শেষ ম্যাচ। কোচ স্কালোনি এদিন গোলকিপার এমি মার্তিনেজসহ মোট আটজন বদলি খেলোয়াড় নামিয়ে স্কোয়াড ঝালিয়ে নেন। আগামী ১১ জুন বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রে সার্বিয়ার বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তিনবারের বিশ্বজয়ীরা।
ক্রোয়েশিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী ব্রাজিল : অরল্যান্ডোর ক্যাম্পিং স্টেডিয়ামে শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলের স্বস্তিদায়ক জয় পেয়েছে ব্রাজিল। ফ্রান্সের কাছে আগের ম্যাচে হারের ক্ষত মুছে এই জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সেলেসাওরা। কোচ কার্লো আনচেলত্তি একাদশে ছয়টি পরিবর্তন এনে যে পরীক্ষা চালিয়েছেন, তাতে সফল হয়েছেন তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত ড্রিবলিং ও পাস থেকে গোল করে ব্রাজিলকে লিড এনে দেন দানিলো। ম্যাচ শেষে আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, দানিলোর বিশ্বকাপ স্কোয়াডে থাকা নিশ্চিত।
৮৪ মিনিটে লাভরো মেজরের গোলে ক্রোয়েশিয়া সমতায় ফিরলে ম্যাচ জমজমাট হয়ে ওঠে। তবে চার মিনিট পরেই পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে লিড দেন ইগর থিয়াগো। অতিরিক্ত সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে বড় জয় নিশ্চিত হয় ব্রাজিলের।
জয় পেলেও গ্যালারি জুড়ে ছিল নেইমারের অভাব। পুরো ম্যাচ জুড়ে দর্শকরা নেইমারের নামে সেøাগান দিতে থাকেন, যা আনচেলত্তির জন্য এক ধরনের প্রচ্ছন্ন চাপ তৈরি করেছে।
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে আগামী ১৮ মে। এরপর বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে পানামা ও মিসরের বিপক্ষে দুটি শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।