প্রসিকিউশনের সিসি ক্যামেরার ভিডিওর হার্ডড্রাইভ রিপ্লেসের অভিযোগ

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৮:০৩ এএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয় থেকে সিসি ক্যামেরার ভিডিও গায়েবের নেপথ্যে হার্ডড্রাইভ বদলের তথ্য পাওয়া গেছে। প্রযুক্তি ব্যবহার করেও গায়েব হওয়া সেই ভিডিও উদ্ধার করা সম্ভব হয়নি এবং বিষয়টি ট্রাইব্যুনালের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে জানানো হয়েছে। গতকাল বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম মোনাওয়ার হুসাইন তামীমের কক্ষে আশুলিয়ায় ছয়টি লাশ পোড়ানো মামলার আসামি আফজালুলের পরিবারের এক সদস্য টাকার ব্যাগ নিয়ে প্রবেশ করেন বলে অভিযোগ তুলেছিলেন আরেক প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ। সেদিন কী ঘটেছিল, তা যাচাই করতে গত বছরের ১৩ অক্টোবরের সিসিটিভি ভিডিও সংগ্রহ করতে যান প্রসিকিউশনের প্রশাসন শাখা। তবে, ওই দিনের নির্দিষ্ট ভিডিও হার্ডড্রাইভে নেই বলে জানান তানভীর হাসান জোহা। তিনি সাংবাদিকদের বলেন, ‘সিসলগগুলোতে যে হার্ডড্রাইভগুলো থাকার কথা ছিল, সেখানে পুরনো-নতুন কিছু হার্ডড্রাইভ সংযোজিত, বিয়োজিত হয়েছে। এটা তদন্তাধীন বিষয়। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে বিষয়টি অবহিত করেছি। মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে।’

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানের ফেইসবুক অ্যাকাউন্ট উদ্ধার : ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মূর্তাজা মজুমদারের হ্যাক হওয়া ফেইসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার হয়েছে বলে সাংবাদিকদের জানান তানভীর হাসান জোহা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত