সাগর-রুনি হত্যা মামলা

প্রতিবেদন দাখিলে বিলম্বের ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৮:০৩ এএম

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও একবার পেছাল। এ নিয়ে প্রতিবেদন দাখিলের দিন ১২৫ বার পেছাল। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ৭ মে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। গত ৯ ফেব্রুয়ারি প্রতিবেদন না দেওয়ায় তদন্ত কর্মকর্তাকে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিল আদালত। ব্যাখ্যা দিতে গতকাল সশরীরে আদালতে হাজির হন তদন্তকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক। তিনি আদালতকে দুই পাতার লিখিত ব্যাখ্যা দেন। এতে তিনি বলেন, এ মামলা নিয়ে যে টাস্কফোর্স গঠন হয়েছে, তাতে তদন্ত কর্মকর্তা ছাড়াও আরও সদস্য আছেন। সে কারণে প্রতিবেদন দিতে একটু বিলম্ব হচ্ছে, আগামী ধার্য তারিখে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে আদালতকে জানান তিনি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি রাজধানীর ভাড়া বাসায় খুনের শিকার হন। নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেনÑরফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর জামিনে রয়েছেন। পলাশ রুদ্র পাল জামিনে গিয়ে পলাতক হয়েছেন। অপর আসামিরা কারাগারে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত