ডিএসসিসি প্রশাসক

আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের কাজ চলছে

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৮:০৪ এএম

কাঁচপুর ও কেরানীগঞ্জে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, রাজধানীর যানজট নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কিছু উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা বাসগুলো সরিয়ে কাঁচপুর টার্মিনালে নেওয়ার কাজ চলছে। কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের কাজ চলছে। এ ছাড়া কেরানীগঞ্জের বাঘৈরে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে। আন্তঃজেলা বাস টার্মিনালগুলো হয়ে গেলে শহরের ভেতর জেলার বাস আসবে না। এতে যানজট অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।

গতকাল বুধবার ডিএসসিসির নগর ভবনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ (ইউডিজেএফবি) এর কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহ, সহসভাপতি ফয়সাল খান, সাধারণ সম্পাদক হাসান ইমন, উপদেষ্টা অমিতোষ পাল ও হেলেমুল আলমসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত