পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরের ডোমেল থানায় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ বেসরকারি মানুষ নিহত হয়েছে। এক পুলিশসহ আরও ১৩ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য (স্বামী, স্ত্রী, কন্যা ও পুত্র) আছেন বলে জানা গেছে। বিস্ফোরক সংবলিত একটি গাড়ি থানার পেছনের অংশে এসে আঘাত করে। এতে বড় ধরনের বিস্ফোরণের সূত্রপাত ঘটে। পরে গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। তবে কাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে, সে বিষয়টি ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এর শব্দ বেশ কয়েক মাইল দূর থেকেও শোনা যায়। প্রাথমিক তথ্য মতে, থানার সেন্ট্রি পোস্ট পুরোপুরি ধ্বংস হয়েছে। সার্বিকভাবে, ভবনের একটি বড় অংশ মাটির সঙ্গে মিশে গেছে। আশপাশের আবাসিক এলাকাও এতে ক্ষতির শিকার হয়েছে। বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে এবং অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২। জেলা জরুরি পরিস্থিতি কর্মকর্তা বখতুল্লাহ ওয়াজির হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুরো এলাকা থেকে ধ্বংসস্তূপ পরিষ্কার না করা পর্যন্ত উদ্ধার ও খোঁজাখুঁজি কার্যক্রম অব্যাহত থাকবে।