মুরাদনগরে পরিবেশ রক্ষায় তরুদের ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পিএম

তরুণদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে দেশ। তাদের মাধ্যমেই সবুজ দেশের স্বপ্নও বাস্তবায়ন হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন একদল তরুণ। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ-পান্নারপুল পায়ব এলাকায় নিজেদের অর্থায়নে সড়কের দুই পাশে চেরি ফুলের গাছ রোপণ করে এক সবুজ ও মনোরম পরিবেশ গড়ে তুলছেন তারা। শনিবার(৪এপ্রিল) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে পায়ব জাগ্রত তরুণ সমাজ সংগঠনের ইমন রাজ, সজিব হোসেন, শাহীন, নয়ন ছগির ও মনির হোসেনসহ কয়েকজন তরুণ প্রায় ২০০টি সৌন্দর্যবর্ধক গাছ রোপণ করেন।

তরুণরা জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধি করাই তাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। গাছগুলো সংগ্রহ থেকে শুরু করে রোপণ সবকিছুই তারা নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রমে সম্পন্ন করেছেন।

ইমন রাজ বলেন, সড়কের সৌন্দর্য বাড়াতে আমরা নার্সারি থেকে ২০০টি চেরি ফুলের গাছ সংগ্রহ করেছি। নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে কাজটি করছি, যাতে পথচারীরা মনোরম পরিবেশ উপভোগ করতে পারেন এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় বাসিন্দা আমজাদ সরকার বলেন, বৃক্ষরোপণের এই মহৎ উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় নয়, সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।
পথচারী রাসেল মিয়া বলেন, সবুজে ঘেরা একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে তরুণদের এমন উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণার উৎস। তরুণদের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং পরিবেশ সচেতনতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত