নকল পাওয়া গেলে কেন্দ্র সচিব-শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:২৬ এএম

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নকল ধরা পড়লে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, পরীক্ষায় অনিয়মের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গতকাল শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় কুমিল্লা শিক্ষা বোর্ডসহ বিভিন্ন বোর্ডের কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। তাদের সঙ্গে কোনো ধরনের চিরকুট বা বাহ্যিক কাগজপত্র রাখা যাবে না। মেয়েদের জন্য আলাদা কক্ষে তল্লাশির ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আন্তরিকভাবে শিক্ষাদান করতে পারলে তা সাদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। শিক্ষাব্যবস্থাকে একটি পবিত্র দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখানে কোনো ধরনের অসততা বা অনিয়ম গ্রহণযোগ্য নয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম, জেলা প্রশাসক মু. রেজা হাসান প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত