ওমানে নিহত কাউছারের মরদেহ আশায় পরিবার

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১২:২৬ পিএম

ওমানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চাঁদপুরের কচুয়া প্রবাসী কাউছার হোসেন মারা গেছেন। ২৫ মার্চ ওমানের রুস্তাক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অর্থাভাবে এখনও তার  মরদেহ বিদেশ থেকে আনতে না পারায় সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে শোকার্ত পরিবার।

নিহত কাউছার হোসেন (৪০) পৌরসভার কড়ইয়া গ্রামের আমির হোসেনের মেজো ছেলে।

পরিবার জানায়, ২০২৩ সালে প্রবাসে পাড়ি জমান কাউছার। ১৯ মার্চ ওমানে কর্মস্থলে যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কাউছার হোসেন। দুর্ঘটনার পরপরই তাকে স্থানীয় রুস্তাক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ৬দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে গত ২৫ মার্চ তিনি মারা যান। 

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। বর্তমানে বাবার লাশের অপেক্ষায় পথ চেয়ে আছে তার অবুঝ তিন কন্যা।

নিহতের স্ত্রী জান্নাত আক্তার বলেন, প্রবাসে আমার স্বামীর অকাল মৃত্যুতে সাজানো সংসার তছনছ হয়ে গেছে। স্বামীর মরদেহটি যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।

নিহতের বাবা আমির হোসেন ও মা মাহফুজা বেগম বলেন, ঋণ করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন। এখন সেই ঋণের বোঝা ও ছেলের মৃত্যুর শোক দুই মিলিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। আমরা গরিব মানুষ। ছেলের লাশ দেশে আনার মতো সামর্থ্য আমাদের নেই। সরকারের কাছে সহযোগিতা চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত