কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রয়েল পরিবহনের তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। এর মধ্যে দুটি বাস পরিত্যক্ত ছিল বলে জানা গেছে।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে তিনটি বাসই পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস জানান, দুপুর ১টা ২৫ মিনিটে প্রথম অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ইপিজেড এলাকার ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। সেখান থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বাগিচাগাঁও স্টেশন থেকে আরও একটি ইউনিট যোগ দেয়। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বাসগুলোর ভেতরের অংশ পুরোপুরি পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে প্রায়ই পরিত্যক্ত বাসে মাদকসেবীদের আড্ডা বসে। তাদের ধারণা, সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে হঠাৎ করে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লাগার বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন তারা।
ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি বাসস্ট্যান্ডে মাদকসেবীদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
