নতুন পে-স্কেল নিয়ে সচিব কমিটিকে সরকারের বিশেষ নির্দেশ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৮:১৭ এএম

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নে কমিশনের দেওয়া সুপারিশ পর্যালোচনা করতে সচিব কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে। 

রবিবার (৫ এপ্রিল) নতুন পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, সচিব কমিটি পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। তিনি স্পষ্ট করে বলেন, পে-স্কেলের মূল কাজ সচিব কমিটিই করবে। কারণ পে-কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর কাজ করে সচিব কমিটি। কমিটি পদ্ধতিগত আলোকে কাজ শুরু করবে, তারপর সচিব কমিটি সুপারিশ দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি নবম পে-স্কেল সুপারিশ পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি ৯ সদস্যের কমিটি গঠন করা হয়। তবে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর রাজনৈতিক পটপরিবর্তন হয়। ফলে নতুন সরকারের দিকনির্দেশনা ছাড়া পর্যালোচনা কমিটি এখনও কার্যক্রম শুরু করতে পারেনি। আজ রবিবারের (৫ এপ্রিল) সিদ্ধান্ত অনুযায়ী, এ কমিটি কার্যক্রম চালিয়ে যাবে।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন ধাপে বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপে ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়।

কমিশন প্রধান জাকির আহমেদ খান প্রতিবেদন জমা দেওয়ার সময় জানিয়েছিলেন, সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের মোট ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত