আজিমপুর ডে-কেয়ার সেন্টারে শিশুর মৃত্যু, জড়িতদের শস্তি দাবি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পিএম

রাজধানীর আজিমপুর মধ্যবিত্ত ডে-কেয়ার সেন্টারে সংশ্লিষ্টদের অবহেলায় ১১ মাস বয়সী কন্যা শিশু উম্মে আলিফের মৃত্যুর ঘটনার সুষ্ঠু পুনঃতদন্ত ও ন্যায্য বিচার চেয়েছেন শিশুটির মা-বাবা। সরকারের কাছে অবহেলায় মৃত্যুজনিত এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপও চান তারা।

আজ রবিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান নিহত উম্মে আলিফের বাবা হাকিবুল হাসান তালুকদার ও মা ইসমত আরা তালুকদার।

লিখিত বক্তব্যে হাকিবুল হাসান তালুকদার বলেন, গত ২০২৩ সালের ২০ ডিসেম্বর শিশু কন্যাকে ১০টার দিকে ওই ডে-কেয়ার সেন্টারে রেখে আমার স্ত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে যাই। সেদিন দুপুর পৌনে একটার দিকে সেন্টারের প্রধান রেজিনাওয়ালি মোবাইল ফোনে জানায় উম্মে আলিফ অসুস্থ হয়ে পড়েছে। তাকে আজিমপুর মেটার্নিতে নিয়ে যাওয়া হচ্ছে। পারলে আপনারা আসুন। দ্রুত মেটার্নিতে পৌঁছে দেখি তাকে সেন্টারের কর্মচারী কোলে রেখেছে। সে সময় তার নাকে অক্সিজেনের পাইপ লাগানো ছিল। তাকে আমি নিজে কোলে নিতে চাইলে তারা বলে আপনার মেয়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। আপনার কোলে দেয়া যাবে না। এই বলে তাকে ঢাকা মেডিকেল  কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেফার্ডের কাগজ দেখে জরুরি বিভাগের চিকিৎসক বলেন- আপনারা তো বাচ্চাকে মৃত অবস্থায় মেটার্নিতে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে পোস্ট মোর্টেম করতে ঢামেকে পাঠিয়েছে। তখন আমি জানতে পারি সেন্টারে কর্মরতদের অবহেলায় তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় মামলা করতে গেলে পুলিশের কয়েকজন সদস্য বিষয়টি ডে-কেয়ার সেন্টারের লোকজনের সঙ্গে আলাপ করে মিটিয়ে ফেলুন। পুলিশ দীর্ঘ সময় আমাদের বসিয়ে রেখে রাত ২টার দিকে মামলা গ্রহণ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করলেও বাকিরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, তদন্তকারী সংস্থা পুলিশ তড়িঘড়ি করে অসম্পূর্ণ চার্জশিট দাখিল করায় এ ঘটনায় জড়িত অন্যান্যরা খালাস পেয়ে যায়। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি নিম্ন আদালতে মামলায় একজনকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। বাকি ৫ জনকে খালাস দেওয়া হয়। বিচার চলার শেষ দিকে একদিন এজলাসে ডেকে নেওয়া হলেও কোনও কথা বলার সুযোগ দেওয়া হয়নি।

নিহত উম্মে আলিফের মা ইসমত আরা তালুকদার কান্না ভেজা কণ্ঠে বলেন, সকালে আমার কন্যাকে সুস্থ্য অবস্থায় ডে-কেয়ার সেন্টারে রেখে এসে দুপুরের পর জানতে পারি তার মৃত্যু হয়েছে। সেন্টারে কর্মরতদের দায়িত্বে অবহেলার কারণে উম্মে আলিফের মৃত্যু হয়। এই মৃত্যুর দায় ওই সেন্টারে কর্মরতদের। এ সময় তিনি সন্তান হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায্য বিচার দাবি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত