ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামটি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই)-এর আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করেছে। এর ফলে ইউল্যাব-এর সিএসই বিভাগের শিক্ষার্থীরা বিশ্বব্যাপী পেশাদার প্রকৌশলী হিসেবে স্বীকৃতি পাবেন।
আইইবি-বিএইটিই-এর বোর্ড ইউল্যাব সিএসই বিভাগের এক্রেডিটেশন অফিসিয়ালি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, যা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা এবং কারিকুলামের প্রতি অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে। ইউল্যাব-এর উপাচার্য অধ্যাপক শামসাদ মর্তূজা, পিএইচডি, উল্লেখ করেছেন, ‘এই অর্জন বিশ্ববিদ্যালয়ের মানসম্মত ও উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থার প্রতিফলন এবং এ স্বীকৃতি ইউল্যাবের একাডেমিক মান আরও শক্তিশালী করবে।’ এই স্বীকৃতি শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের জন্য নতুন প্রেরণা ও উদ্ভাবনার পথ উন্মোচন করবে।
