৩০ উপজেলায় টিকা শুরু

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ এএম

শুরু হয়েছে হামের বিশেষ টিকা প্রদান কার্যক্রম, যার লক্ষ্য শিশুদের দ্রুত সুরক্ষার আওতায় আনা এবং সংক্রমণের শৃঙ্খল ভেঙে দেওয়া। গতকাল রবিবার ১৮ জেলার ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় একযোগে টিকা কার্যক্রম শুরু হয়। সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি’ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং ময়মনসিংহ ও বরিশালে টিকা দেওয়া হবে। আর ৩ মে থেকে দেশের বাকি সব জেলা ও উপজেলায় একযোগে হামের টিকা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্ব ও বিচক্ষণতায় আমরা এই টিকাদান কর্মসূচি অনেকটা এগিয়ে আনতে সক্ষম হয়েছি। এ সময় অতীতের সরকারগুলোর ভুল ব্যবস্থাপনার কারণে হামের প্রাদুর্ভাব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

৫ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকা দেওয়ার ব্যাখ্যায় তিনি বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে আক্রান্তদের ৮২ শতাংশ রোগী ৫ বছরের কম হওয়ায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের গ্রুপকে টিকা দেওয়া হচ্ছে, পর্যায়ক্রমে বাকিদের দেওয়া হবে।

টিকাদান কার্যক্রম উদ্বোধনের পর স্বাস্থ্যমন্ত্রী একই উপজেলার বর্ধনপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকা কর্মসূচি পরিদর্শন করেন।

কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচ) প্রতিনিধি ডা. আহমেদ জামশিদ মোহামেদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান উপস্থিত ছিলেন।

গাজীপুর : গাজীপুরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত বলেন, দেশের প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। হাম একটি মারাত্মক সংক্রামক ব্যাধি উল্লেখ করে তিনি বলেন, শিশুদের ক্ষেত্রে এর জটিলতা অনেক বেশি। তবে এ রোগ প্রতিরোধে টিকা অত্যন্ত কার্যকর। হামের প্রকোপ এলাকা যেখানে বেশি সেখানে টিকা শুরু হয়েছে, পর্যায়ক্রমে বাকি এলাকায়ও টিকা কর্মসূচি চলবে। কোনো শিশুই বাদ যাবে না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার শরিফ উদ্দিন ও সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান।

যশোর : হামের হটস্পট যশোর সদর উপজেলায় হাম-রুবেলার জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গতকাল রবিবার সকালে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন ও পৌরসভায় এই টিকাদান কর্মসূচি শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবুর রহমান। জরুরি এই টিকাদান কর্মসূচির আওতায় যশোর সদর উপজেলা ও পৌরসভায় ৯১ হাজার শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ময়মনসিংহ : গতকাল রবিবার সকাল ১০টায় সদর উপজেলার চূরখাই ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে টিকা কর্মসূচির উদ্বোধন করেন সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। জেলার তিন উপজেলায় মোট ১ লাখ ৬৫ হাজার ৭৫০ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাত দিনের এই ক্যাম্পেইনের জন্য সংরক্ষিত টিকার পরিমাণ ১ লাখ ৭৪ হাজার ডোজ।

নেত্রকোনা : রবিবার সকাল থেকে জেলার আটপাড়া উপজেলায় শুরু হয়েছে হাম-রুবেলার বিশেষ টিকাদান ক্যাম্পেইন। প্রথম দিনে উপজেলার সাতটি ইউনিয়নের তিনটি ইউনিয়নের ১১টি কেন্দ্রে এই টিকা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের প্রতি ওয়ার্ডে আগামী ২১ দিনের মধ্যে সব শিশুকে টিকার আওতায় আনা হবে। আগামী তিন সপ্তাহ জেলার বিভিন্ন পয়েন্টে এই টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।

শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সের শিশুদের হামের বিশেষ টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলার খোশাল সিকদার কান্দির সেলিম মাদবরবাড়ীর কেন্দ্রে শিশুদের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন রেহান উদ্দিন। বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রটিতে ১৭৫ জন শিশুকে টিকা দেওয়া হয়। এ ছাড়া জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও শিশুদের টিকা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী তিন সপ্তাহে জাজিরায় অন্তত ৩০ হাজার শিশুকে এই টিকার আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত