মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ প্রকাশ

ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন এড়ালেন প্রতিমন্ত্রী

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৬:৫৯ এএম

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’কে সরকার ইতিবাচকভাবে দেখছে এবং চুক্তিটির বিষয়ে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুুন কবির গতকাল সোমবার ঢাকায় এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছি। সুতরাং মধ্যপ্রাচ্যে যদি ইসলামি দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা চুক্তির মতো কিছু হয়, তবে তাতে অংশগ্রহণ করা অস্বাভাবিক নয়। দেখা যাক, এটিকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।’

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ক্রমবর্ধমান স্বীকৃতি পাওয়া একটি দেশ হিসেবে আবির্ভূত হয়েছে এবং মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চলের অংশীদাররা ঢাকার সঙ্গে সম্পৃক্ত হতে বেশি করে আগ্রহ দেখাচ্ছে।

চলতি মাসের শুরুতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যার অধীনে এই তিনটি দেশের যেকোনো একটির ওপর হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে গণ্য হবে।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং সরকার এখন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করতে এবং বিশ্বব্যাপী দেশের পরিচিতি ও প্রভাব বাড়াতে চাইছে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার গত ছয় মাসে বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য একটি কৌশলগত কাঠামো তৈরি করেছে এবং এখন সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে কার্যক্রমগুলো এগিয়ে নেবে।

ব্রিটিশ নাগরিত্বের প্রশ্ন এড়ালেন 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিক প্রতিমন্ত্রীকে বলেন যে, তার ‘ব্রিটিশ নাগরিকত্বের’ বিষয়টি নিয়ে কথা হচ্ছে। তিনি ‘ব্রিটিশ নাগরিকত্ব’ ত্যাগ করেছেন কি না, সে বিষয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য দরকার।

এর জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বাংলাদেশি। এখানে তো বাংলাদেশের... বাংলাদেশি। আমি মনে করি না এমন কেউ আছে যে, আমার বাংলাদেশি নাগরিকত্ব বা আমার অবস্থান নিয়ে প্রশ্ন করবে। মানে, এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা মানে তো কোনো সুবিধাবাদী লোক তো আর করবে না।’

হুমায়ুন কবির ছয় মাস আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা পদে নিযুক্ত হন। গত শুক্রবার তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত হন।

প্রতিমন্ত্রী হিসেবে শপথের পর বাংলা দৈনিক প্রথম আলো তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না প্রশ্ন তুলে একটি প্রতিবেদন প্রকাশ করে।

শৈশব থেকে যুক্তরাজ্যে বড় হয়ে ওঠা হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিক ছিলেন। ব্রিটিশ নাগরিকরা চাইলে দ্বৈত নাগরিকত্বের সুযোগ নিতে পারে। তবে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে তিনি ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দেওয়ার আবেদন করেছেন কি না, সে বিষয়টি নিশ্চিত করা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত