অর্ধ মিলিয়ন স্বপ্নের বৈধকরণ অভিযানের গেজেট প্রকাশ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ এএম

প্রায় পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করার উদ্যোগ নিয়েছে স্পেন সরকার। দেশটির সরকার স্পেনে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধ করার পরিকল্পনার কথা জানিয়ে গত ৪ এপ্রিল ভোরে একটি রাজকীয় অধ্যাদেশ প্রকাশ করেছে। যা দেশটিতে কাগজপত্রবিহীন বিদেশি নাগরিকদের জন্য ‘অসাধারণ বৈধকরণ’ প্রক্রিয়া হিসেবে পরিচিতি পেয়েছে। এই উদ্যোগটি ২০০৫ সালের পর প্রথম বড় নিয়মিতকরণ পদক্ষেপ।

যেসব বিদেশিদের নামে কোনো অপরাধ কর্মকা-ে জড়িত থাকার তথ্য নেই, তারা এই সুবিধা পাবেন। এ জন্য গত বছরের ৩১ ডিসেম্বরের আগে কমপক্ষে পাঁচ মাস স্পেনে থাকছেন, তাদের এটা প্রমাণ করতে হবে এবং সমাজে একীভূত হওয়ার যাচাইয়ে উত্তীর্ণ হতে হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে প্রায় ৭ লাখ ৫০ হাজার আবেদন জমা পড়বে, শেষ পর্যন্ত প্রায় ৫ লাখ অভিবাসী বৈধ হিসেবে যোগ্য হবেন।

ক্ষমতাসীন পিএসওই-সুমার জোট কয়েক মাসের আলোচনার পর অধ্যাদেশ চূড়ান্ত করেছে। জোটের সমর্থকরা মনে করছেন, এটি অভিবাসীদের কালোবাজারি অর্থনীতি থেকে বের করে সামাজিক সুরক্ষা খাতে অবদান বৃদ্ধিতে এবং কৃষি, নির্মাণ ও সেবা খাতে দীর্ঘদিনের শূন্যপদ পূরণে সহায়তা করবে।

অন্যদিকে বিরোধী দল পার্টিডো পপুলার এবং পুলিশ ইউনিয়ন গেজেটের সমালোচনা করে বলছে, এটি অনিয়মিত অভিবাসন আকর্ষণ করতে পারে।

এদিকে অভিবাসন আইনজীবীরা সতর্ক করে বলেছেন, ভুল বা দেরিতে করা আবেদনপত্র তাৎক্ষণিকভাবে বাতিল হবে এবং আপিলের সুযোগ নেই।

সরকার প্রশাসনিক ব্যবস্থা শক্তিশালী করেছে। এছাড়া ৫২টি প্রাদেশিক ফরেনার অফিসে কর্মীসংখ্যা দ্বিগুণ করা হয়েছে। খোলা হয়েছে মাদ্রিদ ও বার্সেলোনায় পপ-আপ কেন্দ্র এবং অনলাইন ট্র্যাকার চালু হয়েছে। নতুন ক্লাউড-ভিত্তিক কেস-ম্যানেজমেন্ট সিস্টেম প্রক্রিয়াকরণ ৯০ দিনের নিচে রাখার প্রতিশ্রুতি দিয়েছে। আবেদন করার সময়সীমা ৩০ জুন ২০২৬ পর্যন্ত, যা পার হলে কর্মীরা বৈধ মর্যাদায় বঞ্চিত হতে পারেন। এই পদক্ষেপ স্পেনের অভিবাসন নীতি ও ইউরোপীয় অভিবাসন ব্যবস্থার ভবিষ্যতেও প্রভাব ফেলতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত