১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ এএম

লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মিছিলের চেষ্টা করেছেন। এ সময় মিছিলে বাধা দিলে বৈষম্যবিরোধী শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রদলের ব্যানারে জুলাই ফাইটার্সের নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজসহ অন্তত ২০ জন আহত হন। এ ঘটনায় আটক করা হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদসহ দুইজনকে।

গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের চকবাজার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনার জন্য বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও ছাত্রদলের ব্যানারে জুলাই ফাইটার্সের নেতাকর্মীরা একে অপরকে দায়ী করছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাবিবুর রহমান ফাহিম ও ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্নার বিভিন্ন বিষয়ে কথাকাটাকাটি হয়। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এতে হাবিবুর রহমান ফাহিম আহত হন।   এর প্রতিবাদে গতকাল রোববার বিকেলে দুই পক্ষের নেতাকর্মীরা শহরের চকবাজার মসজিদের সামনে বিক্ষোভের ডাক দেন। এতে আইনশৃঙ্খলার অবনতির শঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে বিকেল সাড়ে ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকায় সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়।

এদিকে ১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা চকবাজার মসজিদের সামনে জড়ো হয়। একপর্যায়ে তারা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয় এবং ১৪৪ ধারা ভঙ্গ না করতে অনুরোধ জানায়। কিন্তু পুলিশের বাধা না মেনে মিছিল করতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। এতে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের হামলায় সদর থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ খবর শুনে জুলাই ফাইটার্সের ব্যানারে ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ধাওয়া দেন। এতে জামায়াত নেতা শহিদউল্যাহসহ কয়েকজন আহত হন। এ নিয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রদলের ব্যানারে জুলাই ফাইর্টাসের নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ১৪৪ ধারা ভঙ্গ করেছে। পুলিশ বাধা দিলে আমাদের ওপর হামলা চালায়। এতে সদর থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত