সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ এএম

সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকারের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেছেন, আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি এবং সবাইকে ভালোবাসি একরমভাবে। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, দেশটা সবার। আসুন দেশটাকে গড়ার লক্ষ্যে সব ধর্মের মানুষ, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। ধর্ম-বর্ণ নির্বিশেষ সবাইকে সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একযোগে কাজ করতে হবে।

গতকাল রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সব ধর্মের মানুষ ভোট দিয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা কথা প্রচলিত ছিল যে, অন্য ধর্মের মানুষজন বিএনপিকে ভোট দেয় না। এটা এবারের নির্বাচনে ভুল প্রমাণিত হয়েছে। বিএনপিকে সব ধরনের মানুষ ভোট দিয়ে জয়ী করেছে।’

বিগত সরকারের আমলে দেশের অবস্থার প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেন, ‘জনগণের ভোটে বিএনপি যখন দায়িত্ব গ্রহণ করেছে, তখন দেশের ভঙ্গুর দশা ছিল। অর্থনৈতিক খাতে ভঙ্গুর অবস্থা, যোগাযোগ খাতে ভঙ্গুর দশাসহ বিভিন্ন সেক্টরে যে অবস্থা বিরাজ করছিল মনে হয়েছে একটা যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছি। ইসরায়েল-ইরান যুদ্ধ কেন্দ্র করে দেশে জ্বালানি সংকট পরিস্থিতি মোকাবিলার কথাও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান,  ইস্টার সানডে উপলক্ষে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। প্রধানমন্ত্রী শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। প্রধানমন্ত্রী খ্রিস্টান সম্প্রদায়ের সাফল্য কামনা করেন।

ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশ সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বাইবেল সোসাইটির সাধারণ সম্পাদক রেভারেন্ড অসীম বাড়ৈ এবং ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের অবসরপ্রাপ্ত উইং কমান্ডার খ্রীস্টেফার মি. অধিকারী।

পরে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে ইন্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত