লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এসময় আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে পাঠায়। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার ধবলসুতি বিওপির সীমান্ত পিলারের কাছে গাটিয়ার ভিটা এলাকায় এঘটনা ঘটে।
আহত মিজানুর রহমান (২৮) উপজেলার রহমতপুর গাটিয়ার ভিটা গ্রামের মফিজুল ইসলামের ছেলে, পেশায় কৃষক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে মিজানুর রহমান সীমান্তের শূন্য রেখার কাছে ঘাস কাটতে গেলে ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ১ রাউন্ড গুলি মিজানুরের কাঁধে বিদ্ধ হয়। আহত অবস্থায় তিনি বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসতে সক্ষত হন।
এদিকে গুলিবর্ষণের ঘটনার প্রতিক্রিয়ায় স্থানীয়রা সীমান্ত এলাকা থেকে শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ ধরে করে নিয়ে আসে। এরপর এলাকায় উত্তেজনা তৈরি হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, সীমান্তে ঘাস কাটতে গেলে বিএসএফের গুলিতে এক কৃষক আহত হয়েছেন। এর প্রেক্ষিতে স্থানীয়রা এক ভারতীয় নাগরিককে আটক করেছে। বর্তমানে ওই ভারতীয় নাগরিক বিজিবির হেফাজতে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি।
এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি টহল জোরদার করেছে এবং বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সেচ পাম্পের সঙ্গে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু