সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টার বিরুদ্ধে হামের প্রাদুর্ভাবের তদন্ত এবং তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এম. আশরাফুল ইসলাম গতকাল সোমবার এই নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্য সচিবদের উদ্দেশে রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠিয়েছেন আইনজীবী। এতে নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন ও ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানানো হয়েছে। ব্যত্যয় হলে উচ্চ আদালতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ব্যারিস্টার আশরাফুল ইসলাম।
তিনি বলেন, সারা দেশে অকস্মাৎ বিলুপ্ত রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু ও সাধারণ নাগরিক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হামের মতো টিকাকরণের ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকান্ডের স্বার্থে জড়িত থাকায় এ বিষয়ে তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
