পডকাস্টের ট্রান্সক্রিপশন ফিচার পরীক্ষা করছে থ্রেডস

শব্দ বন্ধ রেখেও অডিও ক্লিপের লেখা পড়তে পারবেন ব্যবহারকারীরা।

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০১:৩১ পিএম

পডকাস্ট নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনতে পডকাস্টের অডিও স্বয়ংক্রিয়ভাবে লিখিত রূপে রূপান্তরের (ট্রান্সক্রিপশন) ফিচার পরীক্ষা করছে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম থ্রেডস। খবর এনগ্যাজেট।

থ্রেডসের প্রধান কনর হেইস মঙ্গলবার জানিয়েছেন, পডকাস্ট প্রচারে সহায়ক বেশ কয়েকটি নতুন ফিচার নিয়ে কাজ করছে প্ল্যাটফর্মটি। এর মধ্যে একটি ফিচার অডিও ক্লিপের স্বয়ংক্রিয় ট্রান্সক্রিপশন তৈরি করবে।

এর ফলে ব্যবহারকারীরা ফোনে শব্দ বন্ধ রেখেও ফিডে স্ক্রল করার সময় পডকাস্ট বা অডিও ক্লিপের কথাগুলো লিখিত আকারে পড়তে পারবেন। বিশেষ করে ব্যস্ত পরিবেশে বা শব্দ চালু করা সম্ভব নয় এমন পরিস্থিতিতে ফিচারটি কাজে আসতে পারে।

কনর হেইস জানিয়েছেন, পডকাস্ট শেয়ারিং আরও সহজ করতে এটি একাধিক নতুন টুলের একটি। তবে পরীক্ষাধীন সব ফিচার শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সবার জন্য চালু করা হবে এমন নিশ্চয়তা নেই।

পডকাস্ট নির্মাতাদের গুরুত্ব দিচ্ছে থ্রেডস

থ্রেডসের সাম্প্রতিক কার্যক্রমে কনটেন্ট নির্মাতাদের প্ল্যাটফর্মটি আরও কার্যকরভাবে ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে পডকাস্ট নির্মাতারা থ্রেডসের জন্য গুরুত্বপূর্ণ টার্গেট অডিয়েন্সে পরিণত হচ্ছেন।

গত বছরের নভেম্বরেও অডিওভিজ্যুয়াল কনটেন্ট প্রচারের জন্য বিশেষ কিছু সুবিধা চালু করেছিল থ্রেডস। এবার পডকাস্টকে কেন্দ্র করে আরও সরঞ্জাম যুক্ত করার উদ্যোগ সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে।

ক্রমেই বাড়ছে থ্রেডসের ব্যবহারকারীর সংখ্যাও। চলতি বছরের জুনে প্ল্যাটফর্মটি মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। ফলে বিভিন্ন ধরনের কনটেন্ট নির্মাতার জন্য বিশেষায়িত সুবিধা চালু করা থ্রেডসের জন্য বাণিজ্যিক ও ব্যবহারকারী বৃদ্ধির দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

তবে নতুন ট্রান্সক্রিপশন ফিচারটি কবে সবার জন্য উন্মুক্ত হবে, কিংবা পরীক্ষার পর এটি আদৌ স্থায়ীভাবে চালু করা হবে কি না, এ বিষয়ে এখনো কিছু জানায়নি থ্রেডস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত