ভয়াবহ বিস্ফোরণে কাঁপল ইরানের খারগ দ্বীপ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনার মধ্যেই এবার কেঁপে উঠল দেশটির জ্বালানি অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত ‘খারগ দ্বীপ’। 

মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের তেল রপ্তানির প্রধান এ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এক জরুরি বার্তায় জানিয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খারগ দ্বীপে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ অনুভূত হয়েছে। তবে বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে সংস্থাটি তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

এই বিস্ফোরণ এমন এক সময়ে ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই দ্বীপটি দখল বা বোমা মেরে উড়িয়ে দেওয়ার একাধিক হুমকি দিয়ে আসছিলেন। গত ৩০ মার্চ এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ এবং খারগ দ্বীপ নিমেষেই ধ্বংস করে দিতে পারে।

উল্লেখ্য, খারগ দ্বীপটি পারস্য উপসাগরে অবস্থিত এবং ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই টার্মিনালের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে এখানে যেকোনো ধরনের বড় আঘাত বা উৎপাদন ব্যাহত হওয়ার অর্থ হলো ইরানের অর্থনীতিতে ধস নামা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত