প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ভবিষ্যতে লংমার্চসহ জাতীয় সংসদের ভেতরে-বাইরে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ উপায়ে পালন করবে। মানুষের ভোগান্তি হয় এমন কিছু দলটি করবে না। দলের রাজনীতি ভাঙচুর ও অগ্নিসংযোগের হবে না। জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গতকাল সোমবার ঢাকায় সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
ঢাকায় মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় তিনি বলেন, ‘আমরা সংসদকে কার্যকর রাখতে চাই। কার্যকর ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই। সরকারকেও দায়িত্বশীল হতে হবে।’
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমে অর্থবহ, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার জন্য সম্পাদকদের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘কালোকে কালো বলুন; সাদাকে সাদা বলুন।’ জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে কী করা দরকার, সে বিষয়ে এবং দল হিসেবে জামায়াতে ইসলামী কোনো ভুল করলে সেটাও তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাহলে জামায়াত সংশোধনের সুযোগ পাবে।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরে আমির বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আছে। ভারতকে উপেক্ষা করার কিছু নেই। কিন্তু দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক হতে হবে প্রতিবেশীসুলভ এবং পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতার ভিত্তিতে। ভারতের আচরণে এটা স্পষ্ট হতে হবে।
শফিকুর রহমান সংস্কারের বিষয়ে গণভোটের রায় কার্যকর না করা, প্রশাসন ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ, জাতীয় সংসদের সদস্যের জন্য অর্থ বরাদ্দ করাসহ বিভিন্ন ক্ষেত্রে বিরোধীদলীয় সদস্যদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, এমন অভিযোগ তোলেন।
তিনি জানান, জামায়াতে ইসলামী ইতিমধ্যে একটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। এর অনুশীলন চলছে। শিগগিরই তালিকাটি প্রকাশ করা হবে।
যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম, প্রবাসী কর্মী ও প্রবাসী আয়সহ জাতীয় স্বার্থের বিভিন্ন বিষয়ে সংসদে জোরালো ভূমিকা পালনের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অস্থিরতা হলে দেশের জন্য ভালো হবে না। লংমার্চ, রোডমার্চ করে কিছুই হবে না। পাঁচ বছর সংসদে থাকুন।
দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ, এটি স্মরণ করিয়ে দেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। তিনি দেশ ও গণতন্ত্রের স্বার্থে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে কথায় কথায় ওয়াকআউট ও বয়কটের সংস্কৃতি চর্চা না করা এবং স্থায়ী কমিটিগুলোয় সক্রিয় ভূমিকা পালনের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, দেশে ক্ষমতায় পালাবদল শুধু নয়, বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা দরকার।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিরোধী দলকে জাতীয় সংসদে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি দেশের স্বাধীনতা, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্যও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।
দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান, নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, দৈনিক ওয়াদা সম্পাদক শফিকুল আলম, খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামাল, সময়ের আলো সম্পাদক সৈয়দ শাহনেওয়াজ করিম ও দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধিরা মতবিনিময় সভায় অংশ নেন।
জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের সিনিয়র নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আব্দুল হালিম, ড. হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল এমপি, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি ড. রেজাউল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।