ঈশ্বরগঞ্জে গতিরোধকের দাবিতে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ 

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণের দাবিতে গাছের গুঁড়ি ফেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন উপজেলার মাইজবাগ ইউনিয়নের  স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন।

এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় আধা ঘণ্টার বেশি মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক চলাচল উপযোগী করেন।

আজ বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ বাজার সংলগ্ন বৈরাটি গোরস্থান দারুল ইসলাম মাদরাসা এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়। এতে শতশত স্থানীয় শিক্ষার্থী ও বাসিন্দারা অংশ নেন।

স্থানীয় বাসিন্দা ইয়াছিন আহমেদ ও নাঈম বলেন, মাইজবাগ বাজার থেকে বৈরাটি গোরস্থান সংলগ্ন গ্রামীণ ধীতপুর সড়কের মোড় 
পর্যন্ত এলাকাটি মৃত্যুকূপে পরিণত হয়েছে। এখানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। সর্বশেষ গতকাল মঙ্গলবার বিকালে বৈরাটি গোরস্থান মাদরাসার সামনে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষ দুইজন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও ৪ জন আহত হন।

তারা আরও জানান, এলাকাটিতে কিছুদিন পরপরেই মানুষের মৃত্যু হচ্ছে। তাই মহাসড়কের এই স্থানে দ্রুত স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানাচ্ছি।

স্থানীয় নোমান, মাজহারুল, জাহিদুল ইসলাম ও শরিফুল ইসলামসহ কয়েকজন কলেজছাত্র বলেন, এই জায়গাটিতে মানুষের মৃত্যুর মিছিল থামছেই না। আমরা এখানে একটি স্পিড ব্রেকার চাই। আশা করি দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখানে একটি স্পিড ব্রেকার নির্মাণের মাধ্যমে সমস্যা সমাধান করবে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, স্থানীয় বাসিন্দারা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাইজবাগ এলাকায় স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়ে তারা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে আমরা সেখানে দ্রুত উপস্থিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্থানীয়দের বোঝিয়ে মহাসড়ক সচল করে দিই। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত