জ্বাালানি তেলে স্বস্তির আশা ক্ষীণ হচ্ছে

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ এএম

দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির আলোচনায় বাংলাদেশে যতটা স্বস্তি তৈরি হয়েছিল সেটা আবার উদ্বেগে পরিণত হয়েছে। কারণ যুদ্ধবিরতির মধ্যেই আবারও হামলা- পাল্টাহামলা শুরু হয়েছে। এখনো হরমুজ প্রণালি দিয়ে জ্বাালানি তেল বা এলএনজিবাহী জাহাজ পার হতে পারছে না।  আবারও পুরোদমের যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ফলে এক চিলতে আশার আলোর মধ্যেই আবারও শঙ্কা দেখা দিয়েছে। এদিকে সরকারের পক্ষ থেকে বারবার জ্বাালানি তেলের পর্যাপ্ত মুজদ থাকার খবর দিলেও প্রতিনিয়ত তেলের পাম্পগুলোতে মানুষের ভিড় বাড়ছে। ফলে সরকারের পক্ষ থেকে বারবার আশ^স্ত করার চেষ্টা করা হলেও কার্যত সেটা যেন আরও বেশি আতঙ্ক তৈরি করছে। প্রশ্ন দেখা দিয়েছে, কবে নাগাদ আবারও স্বাভাবিক তেল সরবরাহ শুরু হবে। মানুষ পুরোপুরি কবে নাগাদ স্বস্তিতে ফিরবে।

তবে এমন প্রশ্নের উত্তরে জ্বাালানি বিভাগের মুখপাত্র যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেছেন, জ্বাালানি তেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। যুদ্ধবিরতি ঘোষণার পর দুয়েকটি তেলবাহী জাহাজ হরমুজমুখী হলেও আবারও যুদ্ধের শঙ্কা দেখা দেওয়ায় সেগুলো স্থবির হয়ে পড়েছে। তিনি বলেন, জ্বাালানি তেলের স্বাভাবিক সরবরাহের ক্ষেত্রে যুদ্ধ অবশ্যই একটি প্রতিবন্ধকতা। সেটা শুধু আমাদের জন্য না, সারা পৃথিবীর জন্যই। এ কর্মকর্তা বলেন, এখন আমাদের অভ্যন্তরীণ মজুদদারদের ঠেকানো একটি বড় কাজ হয়ে দেখা দিয়েছে।  

তেলের জন্য হামলা ও অবরোধ : বরিশালের আগৈলঝাড়ায় চাহিদামতো তেল না দেওয়ায় পাম্প ম্যানেজারকে পুলিশের উপস্থিতিতে হামলার অভিযোগ উঠেছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বেশি তেল দাবিতে পুলিশের সঙ্গে বাগবিত-ায় দুই বাইকার আটক হয়। গাইবান্ধার পলাশবাড়ীতে লাইনে দাঁড়ানো নিয়ে ছুরিকাঘাতে তিন যুবক আহত ও এক জন আটক হয়েছে। গোপালগঞ্জে তেল না পেয়ে ক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে জ্বাালানি বিভাগ পরীক্ষামূলক ফুয়েল পাস চালুর ঘোষণা দিলেও মাঠে তেমন সুবিধা মিলছে না।

অবৈধ মজুদ ও কালোবাজার : জ্বাালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে ৩ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অভিযানে ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বাালানি তেল উদ্ধার করা হয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল নারায়ণগঞ্জের মেঘনা ডিপো থেকে সরবরাহকৃত ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল মানিকগঞ্জের শিবালয়ে জব্দ করা হয়। একই সময়ে বরিশালের আগৈলঝাড়ায় ৩ হাজার ২০০ লিটার জ্বাালানি মজুদের দায়ে জরিমানা, ময়মনসিংহের ভালুকায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা এবং গাইবান্ধার সাঘাটায় পেট্রোল জব্দ করে দুই জনকে কারাদন্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মাগুরার মহম্মদপুরে পাচারকালে ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ ও নোয়াখালীর হাতিয়ায় ৩ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার করে জরিমানা করা হয়েছে।

পরীক্ষামূলক ফুয়েল পাসে মিলছে না সুবিধা : জ্বাালানি তেল মজুদ ও অনিয়ম ঠেকাতে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। জ্বাালানি বিভাগ গতকাল জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের উদ্যোগে তৈরি এই মোবাইল অ্যাপের পাইলটিং কার্যক্রম রাজধানীর দুটি ফিলিং স্টেশনে শুরু হয়েছে। তবে বাস্তবে এর সুফল পাচ্ছেন না ভোক্তারা। ট্রাস্ট ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, অ্যাপে নিবন্ধন করেও চালকদের সাধারণ লাইনে দাঁড়াতে হচ্ছে। নারায়ণগঞ্জের বাইকার সাজ্জাদ আল বলেন, নিবন্ধন করেও কোনো সুবিধা নেই, লাইনে হাজার মানুষ। একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সাফকাত হোসেনও জানান, অ্যাপ থাকলেও আলাদা সুবিধা নেই, দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে।

জ্বাালানি তেলের মজুদ : জ্বাালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী গতকাল বৃহস্পতিবার বলেন, আমদানি অব্যাহত থাকলেও যুদ্ধ পরিস্থিতি সরবরাহে বাধা দিচ্ছে। বর্তমানে মজুদ রয়েছে ডিজেল ১,৪৩,১৪৩ টন, অকটেন ৪,৫৬৯ টন ও পেট্রোল ১৬,৮১২ টন। নিয়মিত সরবরাহ থাকায় দুই মাস সংকট হবে না; আতঙ্কিত হয়ে মজুদ না করার আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত