দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ সময় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৭১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮২ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম শনাক্ত হয়েছে ৮২ জনের। এ সময়ে হামের লক্ষণ নিয়ে ১ হাজার ৩৭১ জন রোগী হাসপাতালে এসেছে, যাদের মধ্যে ৭২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে সবচেয়ে বেশি ২৭৪ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোয়।
সরকারের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০ শিশুর। তাদের মধ্যে ঢাকায় সর্বোচ্চ ১৭টি, বরিশালে পাঁচ, চট্টগ্রাম ও রাজশাহীতে তিনটি করে ছয়টি এবং ময়মনসিংহে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের লক্ষণ নিয়ে সারা দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে।
