এনসিপি নেতা

কুমিল্লার মানুষ জেগে উঠলে জেগে ওঠে পুরো বাংলাদেশ

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১১ পিএম

কুমিল্লার মানুষ জেগে উঠলে জেগে ওঠে পুরো বাংলাদেশ’—এই ঐতিহাসিক বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়ে একটি পরিকল্পিত ও আধুনিক নগর গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মেয়র প্রার্থী অ্যাডভোকেট তরিকুল ইসলাম।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কুমিল্লায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের আন্দোলনে কুমিল্লার জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে এ অঞ্চলের তরুণদের সাহসী অংশগ্রহণ নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরিতে বড় ভূমিকা রেখেছে।

তরিকুল ইসলাম বলেন, দীর্ঘ সময়ের শাসনব্যবস্থার অবসানের মধ্য দিয়ে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। সে লক্ষ্যে এনসিপি শুরু থেকেই সক্রিয় রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, তরুণদের রাজনীতিতে যুক্ত করার ক্ষেত্রে দায়িত্ববোধ, সহিষ্ণুতা ও জনসমস্যা সমাধানের মনোভাবকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন স্তরে তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের কারণেই আজ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং গণতান্ত্রিক চর্চার সুযোগ পাচ্ছে।

নগর সমস্যার প্রসঙ্গে তরিকুল ইসলাম বলেন, অপরিকল্পিত নগরায়ণের কারণে কুমিল্লায় বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা, আবাসন সংকট ও জননিরাপত্তার মতো সমস্যা প্রকট আকার ধারণ করেছে। রাতের বেলায় নারীদের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, তাৎক্ষণিক সমাধানের প্রতিশ্রুতি না দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে একটি বাসযোগ্য নগর গড়ে তোলাই তাদের লক্ষ্য। এ জন্য প্রতিটি ওয়ার্ডে গিয়ে নাগরিকদের সমস্যার কথা শুনে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বকর মজুমদারসহ দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত