পুলিশ বাঁচাতে পারেনি, এখন কী করবেভক্তের প্রশ্ন

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০২:১৯ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে কোরআন অবমাননার অভিযোগ তুলে দরবারে হামলা করে ‘পীর’ শামীম জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় তার পরিবার মামলা না করার বিষয়ে অনড় রয়েছে। পুলিশের পক্ষ থেকেও কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, মামলা না হওয়ায় জড়িতদের এখনো গ্রেপ্তার করা যায়নি।

ঘটনার ৪৮ ঘণ্টার পরও এ হত্যাকান্ডের ঘটনায় মামলা না হওয়া এবং জড়িতদের গ্রেপ্তার বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান মুঠোফোনে জানান, ‘পীর শামীম জাহাঙ্গীরকে হত্যার অভিযোগে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করতে আসেনি। আমরা অপেক্ষা করছি। মামলা না হওয়ায় ঘটনায় জড়িতদেরও গ্রেপ্তারে কোনো অভিযান চালায়নি পুলিশ। শেষ পর্যন্ত পরিবারে পক্ষ থেকে কেউ মামলা না করলে রাষ্ট্রীয় বিধিমতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।’ নিহত পীর শামীম জাহাঙ্গীরের বড় ভাই ফজলুর রহমানের সঙ্গে গতকাল সোমবার দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘দেখুন বিদ্যমান বাস্তবতায় আমরা পরিবারের পক্ষ থেকে সবাই বসে সিদ্ধান্ত নিয়েছি, শামীম হত্যার ঘটনায় কোনো মামলা করব না। থানা থেকে পুলিশ এসে আমাদের মামলা দিতে বলেছে, কিন্তু আমরা ঘটনার দৃশ্যপটে যা দেখেছি সেই কথাগুলোই পুলিশকে জানিয়েছি।’ তিনি বলেন, ‘আমার বয়স হয়েছে, এ মামলার পেছনে দৌড়ঝাঁপ করার শারীরিক শক্তি আমার নেই। তা ছাড়া যে কয়দিন বেঁচে থাকি আমি আমার পরিবার-পরিজন নিয়ে শান্তিতে থাকতে চাই। মামলা করে এলাকার মানুষের সঙ্গে অশান্তি সৃষ্টি করতে চাই না।’

ঘটনার প্রত্যক্ষদর্শী পীরের এক ভক্ত নাম গোপন রাখার শর্তে বলেন, ‘কার মামলা কে করবে? পুলিশ নিজেই যেখানে নিরাপদ নয় মামলা দেব কার কাছে? বিচার দিয়েছি মহাবিচারকের দরবারে। সমাজের প্রচলিত অর্থে বাবার পরিবার বলতে দরবারই ছিল তার সংসার। আপনারা তো দেখেছেন, পুলিশ নিজেই যেখানে এই হিংস্র মব সন্ত্রাসের কাছে চরম নিরাপত্তাহীন, নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, কীভাবে বাবাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে।’ তিনি বলেন, ‘ঘটনার সময় আমি কতবার অসহায়ের মতো পুলিশকে বলেছি আপনারা আসেন, বাবাকে ওরা মেরে ফেলছে, কে শুনে কার কথা। পুলিশের কিছু করার থাকলে অনেক আগেই ব্যবস্থা নিতে পারত, তাহলে বাবাকে এভাবে হারাতে হতো না।’

তিনি জানান, দরবারে শামীম জাহাঙ্গীরের দেওয়া একটা বক্তব্যের ভিডিও কেটে বিকৃত করে উদ্দেশ্যমূলকভাবে একটি চক্র ইন্টারনেটে ছেড়ে ভাইরাল করে। ওই ভিডিও দেখিয়ে এক হুজুর আদালতে মামলা করেন। শামীম জাহাঙ্গীর ভিডিওর পূর্ণাঙ্গ অংশ আদালতে দাখিল করেন, কারামুক্ত হন। কিন্তু এতদিন পর সেই একই ভিডিও নতুন করে নেটে ছেড়ে উসকানি ছড়ানো হয়েছে। সম্পূর্ণ বিষয়টি পরিকল্পিতভাবে করা হয়েছে। বিষয়টি ঘটনার দুই দিন আগেই পুলিশও জেনেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত