চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ২-০ গোলে হার। খাদের কিনারে দাঁড়িয়ে থাকা বার্সেলোনা এখন তাকিয়ে অলৌকিক কিছুর দিকে। আর এই প্রত্যাবর্তনের লড়াইয়ে ১৮ বছর বয়সী বিস্ময় বালক লামিন ইয়ামাল অনুপ্রেরণা খুঁজছেন বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমসের কাছ থেকে। আজ মঙ্গলবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে বার্সা।
২০১৬ সালের এনবিএ ফাইনালে ১-৩ ব্যবধানে পিছিয়ে থেকেও গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের বিপক্ষে অবিশ্বাস্যভাবে সিরিজ জিতেছিল লেব্রনের ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্স। সেই ইতিহাসকে মনে করিয়ে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিম ভাইরাল হয়েছে। যেখানে বার্সার চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে আতলেতিকোকে কখনো দুই লেগের লড়াইয়ে হারাতে না পারার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
ইয়ামাল নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল ছবি বদলে লেব্রন জেমসের ছবি দিয়েছেন। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই ম্যাচের জন্য লেব্রন আমার অন্যতম বড় অনুপ্রেরণা। সেই কারণেই প্রোফাইল ছবি বদলেছি। তিনি যেভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন, আমি সেটা নিয়েই ভাবছি এবং আমাদের দলের জন্যও তেমন ফল আশা করছি।’
চলতি মৌসুমে ৪৩ ম্যাচে ২২ গোল ও ১৮টি অ্যাসিস্ট করা ইয়ামালই এখন বার্সার মূল ভরসা। তবে এত কম বয়সে বিশাল প্রত্যাশার চাপ তাকে বিচলিত করছে না। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি অনেক দায়িত্ব নিয়ে অভ্যস্ত। আমি এটাকে সমস্যা হিসেবে দেখি না, বরং গুণ হিসেবে দেখি।’
চলতি মৌসুমে এটি বার্সা ও আতলেতিকোর ষষ্ঠ লড়াই। লা লিগায় দুই ম্যাচেই বার্সা জিতলেও কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগ ৪-০ গোলে হেরেছিল তারা। যদিও ফিরতি লেগে ৩-০ গোলে জিতে অল্পের জন্য বাদ পড়েছিল জাভির উত্তরসূরিরা। এবার চ্যালেঞ্জটা ২-০ গোলের ব্যবধান ঘোচানোর। বার্সা কোচ হান্সি ফ্লিক বলেন, ‘কাজটা কঠিন, কিন্তু আমি বিশ্বাস করি আমরা পারব। আমাদের রক্ষণভাগকে জমাট রাখতে হবে এবং আক্রমণভাগে সাহসী ফুটবল খেলতে হবে। সুযোগগুলো কাজে লাগাতে পারলে মোমেন্টাম আমাদের দিকেই আসবে।’
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বার্সা পাচ্ছে না চোটাক্রান্ত রাফিনহা এবং আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে। প্রথম লেগে লাল কার্ড দেখায় নিষিদ্ধ ডিফেন্ডার পাউ কুবারসি। তবে স্বস্তির খবর হলো, দীর্ঘ বিরতির পর ফ্রেঙ্কি ডি ইয়ং শুরুর একাদশে ফিরতে পারেন। আজকের ম্যাচে জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে আর্সেনাল অথবা স্পোর্টিং ক্লাবের। লেব্রন জেমসের মতো ইয়ামালও কি পারবেন বার্সেলোনাকে রূপকথার এক জয় উপহার দিতে? ফুটবল বিশ্ব তাকিয়ে আছে মেত্রোপলিতানো স্টেডিয়ামের দিকে।
