রাজধানীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে করা মামলায় যুবদলের সাবেক নেতা মঈন উদ্দিনসহ তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) তাদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম। অপর আসামিরা হলেন- এমবি স্বপন কাজী ও মো. শাওন হোসেন।
এদিন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার এসআই মো. ছাব্বির আহমেদ। এ সময় রিমান্ডের পক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার। আর রিমান্ড আবেদন বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী। শুনানি শেষে প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে ১১ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ। সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনকে প্রধান আসামি এবং সাত-আটজনকে অজ্ঞাত আসামি করা হয় মামলায়। এর আগে মঈনের চার সহযোগী মো. ফালান মিয়া, মো. রুবেল, ফারুক হোসেন সুমন ও মো. লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে চার দিনের রিমান্ডে রয়েছেন তারা।
মামলার এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন মঈন ও তার সহযোগীরা। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে মামলার বাদী হানিফকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন তারা। এরই ধারাবাহিকতায় ১০ এপ্রিল সকালে শেরেবাংলা নগর থানার শ্যামলী ৩ নম্বর রোডে হানিফের বাসায় গিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন মঈন।
টাকা না দেওয়ায় পরে সিকেডি হাসপাতালের সামনে ৫০-৬০ জন লোক জড়ো করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তারা। এমনকি সিকেডি হাসপাতালের মালিক ডা. মো. কামরুল ইসলামকে উদ্দেশ করে হুমকিসূচক স্লোগান দিতে থাকেন আসামিরা। এর ফলে ব্যাহত হয় হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। পরে শেরেবাংলা নগর থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।