জিয়ানগরের রাজবাড়ী মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম

পহেলা বৈশাখ উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরের ইকোরবুনিয়া রাজবাড়ী মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৯ টি ঘোড়া অংশগ্রহণ করে।
 

গ্রামীণ সংস্কৃতির অন্যতম এই আয়োজন ঘিরে এলাকাবাসীর মধ্যে  সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এসময় বিভিন্ন এলাকা থেকে ঘোড়া নিয়ে আসা প্রতিযোগীরা তাদের দক্ষতা ও গতির নৈপূন্যতার মাধ্যমে দর্শকদের মন জয়  করেন। প্রতিযোগিতা দেখতে মাঠে ভিড় জমান পিরোজপুর ও জিয়ানগর উপজেলার বিভিন্ন গ্রামের  দূর-দূরান্ত থেকে কয়েক হাজার মানুষ। এসময় সব বয়সী মানুষ এ আয়োজন উপভোগ করেন। প্রতিযোগীদের মধ্যে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা।

প্রতিযোগীদের মধ্যে  ভান্ডারিয়া থেকে আগত মিরাজ এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। তার চমৎকার নিয়ন্ত্রণ ও দ্রুতগতি দর্শকদের মুগ্ধ করে। কাঠালিয়া থেকে আগত আরিফ দ্বিতীয় ও ভান্ডারিয়ার নয়ন তৃতীয় স্থান অর্জন করে।

পাড়েরহাট ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মো. নুরুজ্জামান সিকদার নাদিম জানান, এই অঞ্চলে প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজনের ঐতিহ্য রয়েছে, যা গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। কিন্তু গত আওয়ামী লীগ সরকারের বিরুপ প্রভাবে এ ধরনের আয়োজন ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। তাই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্মকে শিকড়ের সঙ্গে পরিচিত করানোর লক্ষ্যেই তাদের এই উদ্যোগ।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এই আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত থেকে বিজয়ীদের অভিনন্দন জানান। পুরো আয়োজনটি এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত