ইরান যদি ভুল পথ বেছে নেয় এবং চুক্তিতে না আসে, তবে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ফের শুরু করার মতো পর্যাপ্ত শক্তি আছে। ইরান আর তাদের হারানো শক্তি ফিরে পাবে না। এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি ইরান সরকারকে ‘বিচক্ষণতার সঙ্গে সঠিক পথ’ বেছে নেওয়ার আহ্বান জানান।
চলমান যুদ্ধ ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গতকাল পেন্টাগনে ব্রিফিং করেন হেগসেথ। এ সময় তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ শুরু হওয়ার পর এই প্রথম তারা জনসমক্ষে কথা বলেন।
এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনার প্রচেষ্টা জোরদার করেছেন যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সৌদি আরব সফর শেষে গতকাল বৃহস্পতিবার তার নেতৃত্বে প্রতিনিধিদল কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতির বরাতে এএফপি জানিয়েছে, শাহবাজ শরিফ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করবেন।
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যেতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল তেহরান সফর করেছে। তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। বাঘের গালিবাফ লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে টেলিফোন আলাপে বলেছেন, তেহরানের কাছে ‘ইরানে যুদ্ধবিরতির’ সমান গুরুত্ব বহন করে ‘লেবাননে যুদ্ধবিরতি’।
গতকাল পেন্টাগনে ব্রিফিংয়ে হেগসেথ ইরানের সামরিক নেতৃত্বকে উদ্দেশ করে বলেন, ‘আমরা আপনাদের ওপর নজর রাখছি। যুক্তরাষ্ট্র ও ইরানের সক্ষমতা এক নয় এবং এটি কোনো ‘সমান শক্তির লড়াই’ নয়। তিনি বলেন, ‘আমরা দিন দিন আরও শক্তিশালী হচ্ছি। আপনারা আপনাদের বাকি লঞ্চার ও মিসাইলগুলো খুঁড়ে বের করছেন ঠিকই, কিন্তু সেগুলো নতুন করে তৈরি বা প্রতিস্থাপন করার ক্ষমতা আপনাদের নেই।’ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে পুনরায় প্রস্তুত হচ্ছে বলে জানান তিনি।
হেগসেথ বলেন, ‘আমাদের প্রেসিডেন্টের নির্দেশ এবং একটি মাত্র বোতামের চাপে আমরা যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে তৈরি’।
তিনি জানান, ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এই যুদ্ধ থেকে দূরে আছে বলে মনে হচ্ছে। তাদের পক্ষ থেকে এটি একটি ভালো সিদ্ধান্ত বলে যুক্তরাষ্ট্র মনে করে।
হেগসেথ বলেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে। কারণ ইরানের আর কোনো নৌবাহিনী নেই। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, অবরোধের আওতাভুক্ত এলাকায় ইরানকে সহায়তাকারী জাহাজকেও লক্ষবস্তু করবে যুক্তরাষ্ট্র। ১০ হাজারের বেশি নাবিক, মেরিন ও বিমানসেনা অবরোধ কার্যকর করছে।
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, মার্কিন বাহিনী তাদের ‘কৌশল, পদ্ধতি ও কার্যপ্রণালি’ নতুন করে সাজাচ্ছে এবং সমন্বয় করছে।
এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে শাহবাজ শরিফের সম্ভাব্য বৈঠকের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, উভয় নেতা ‘আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের চলমান প্রচেষ্টা’ নিয়ে মতবিনিময় করবেন।
চার দিনের সফরের শেষ গন্তব্য হিসেবে পরে তুরস্কে যাওয়ার কথা রয়েছে শাহবাজ শরিফের। গত সপ্তাহে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের বৈঠকের পরপরই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ইসলামাবাদের ওই আলোচনা মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার ক্ষেত্রে তাৎক্ষণিক কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, যদিও ৭ এপ্রিল ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধে শুরুতেই ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়।
ইসরায়েল-লেবানন ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। গতকাল তিনি জানিয়েছেন, এ যুদ্ধবিরতি বিকেল ৫টা (ইস্টার্ন টাইম) থেকে কার্যকর হবে।
নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন ‘আমি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি। তারা আনুষ্ঠানিকভাবে বিকেল ৫টা (ইস্টার্ন টাইম) থেকে ১০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছেন।’
গত ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির আওতায় ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা বন্ধ রেখেছে। কিন্তু লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় লেবাননে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।
ইউরোপে ছয় সপ্তাহের ফুয়েল আছে : আইইএ : আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল বলেছেন, ইউরোপের হয়তো ছয় সপ্তাহ কিংবা তার কিছু বেশি জেট ফুয়েল অবশিষ্ট আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ বন্ধ থাকলে শিগগিরই ফ্লাইট বাতিলের আশঙ্কা নিয়েও সতর্ক করেছেন তিনি।
এপির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধ হওয়ার ফলে সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছে, যা বৈশ্বিক পরিস্থিতিতেও প্রভাব ফেলছে।
হরমুজ পাড়ি দিল ইরানের সুপার ট্যাংকার : যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা আরও একটি সুপার ট্যাংকার হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এই প্রণালি ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ চলার মধ্যেই এ নিয়ে দ্বিতীয়বার মার্কিন নিষেধাজ্ঞাধীন ট্যাংকার হরমুজ পাড়ি দিল।
ইরানের ফার্স নিউজ এজেন্সি গতকাল জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানের একটি সুপার ট্যাংকার চলমান অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে। ট্যাংকারটি ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই ‘প্রকৃত সন্ত্রাসী’ : ইরানের প্রেসিডেন্ট : ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি এ হামলাকে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থী এবং অন্যায় বলে আখ্যায়িত করেছেন।
গত বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘তারা দাবি করে যে আমরাই আসল সন্ত্রাসী। কিন্তু প্রকৃতপক্ষে তারাই আসল সন্ত্রাসী।’
‘লেবাননে যুদ্ধবিরতি ইরানে যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ’, বললেন ইরানি পার্লামেন্টের স্পিকার, ঘোনচে হাবিবিয়াজাদ, সিনিয়র রিপোর্টার, বিবিসি ফার্সি
ইরানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাগের কালিবাফ।
এ সময় তিনি বলেন, তেহরানের কাছে “ইরানে যুদ্ধবিরতির” সমান গুর “ত্ব বহন করে ‘লেবাননে যুদ্ধবিরতি’।
